প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম
(ভিজিট : ২৫)
দুই কোটি টাকা চাঁদা চাই,না দিলে পরিণতি ভোগ করো। এই হুমকি যে নিছক কথার কথা ছিল না, তা টের পেল চট্টগ্রামের বাকলিয়ার একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান। চাঁদা না পেয়ে মাত্র দুই দিনের মাথায় সশস্ত্র সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ল অফিসে, কুড়াল দিয়ে ভাঙল কম্পিউটার, লুট করল ৩৫ লাখ টাকা।
ঘটনাটি ঘটেছে গত ১৩ জুলাই দুপুরে, নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামের প্রতিষ্ঠানে। র্যাবের তদন্তে বেরিয়ে এসেছে, এই হামলার মূল পরিকল্পনাকারী কুখ্যাত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। তাঁর নির্দেশেই মাঠে নেমেছিলেন সহযোগী রোহেন মিয়া।
র্যাব জানিয়েছে, হামলাকারীরা কোনো এলোমেলো দল ছিল না,তারা সুপরিকল্পিতভাবে তিনটি ভাগে ভাগ হয়ে কাজ করেছে। একটি দল বাইরে পাহারায় থেকেছে, আরেকটি ভবনের পাশে অবস্থান নিয়েছে, আর তৃতীয় দলটি সরাসরি অফিসে ঢুকে চালিয়েছে ধ্বংসযজ্ঞ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১৫ থেকে ২০ জনের সশস্ত্র ওই দল কম্পিউটার, আসবাব ও কর্মীদের মুঠোফোন গুঁড়িয়ে দিয়েছে নির্বিকারে।
এই ঘটনায় র্যাব-৭ শনিবার রাতে জেলা ও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোহেন মিয়াসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন তুহিন, আকবর, মুমিন, মাসুদ, দিদার, সানজাত, সৈকত ও সাইফুদ্দিন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি দেশীয় অস্ত্র।
রোববার দুপুরে চান্দগাঁও র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা ঘটনার বিস্তারিত স্বীকার করেছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে চারজনকে শনাক্ত করা হয়, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের ধরা হয়। গ্রেপ্তার সবাইকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনায় চকবাজার থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আগেই মামলা দায়ের হয়েছিল। তবে মূল পরিকল্পনাকারী ডেভিড ইমন এখনও পলাতক রয়েছেন বলে জানা গেছে।