প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৫৩ পিএম
(ভিজিট : ২৩)
চট্টগ্রাম জেলা পরিষদ পরিচালনায় এবার পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিল সরকার। আজ রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন। একই আইনের ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদ চেয়ারম্যানের সমপর্যায়ের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।
মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দলে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন।
নিয়োগ প্রসঙ্গে শামীম বলেন, "বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন এজন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জেলা পরিষদের আওতাধীন এলাকার মানুষের উন্নয়নে আমি সর্বোচ্চ সামর্থ্য নিয়ে কাজ করে যাব।"
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসকের মাধ্যমেই পরিষদ পরিচালনার বিধান রয়েছে। নতুন এই নিয়োগে চট্টগ্রামের স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।