রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কোরিয়া মুসলিম কমিউনিটির শিক্ষা সফর–২০২৬: সমুদ্র সৈকতে যেন এক টুকরো বাংলাদেশ
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:৪৮ পিএম  (ভিজিট : ৩৭)
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক ও শিক্ষামূলক আয়োজন "কোরিয়া মুসলিম কমিউনিটি শিক্ষা সফর–২০২৬" অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) আয়োজিত এ শিক্ষা সফরে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৯০০ জন বাংলাদেশি প্রবাসী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সিনিয়র সিটিজেন, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শত শত প্রবাসীর প্রাণবন্ত উপস্থিতিতে সমুদ্র সৈকত যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। পরে কোরিয়া মুসলিম কমিউনিটির সভাপতি ইয়াসির চৌধুরী উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিক্ষা সফরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে থিম সং পরিবেশন করা হয় এবং জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিম্পু ইজেন বাইতুল আমান মসজিদের ইমাম ও খতিব সায়েদ আল-আমিন আজহারী, মুফতি নাসির উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী ছোট মিয়া।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাইয়ের বীর শহীদ ও যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, আত্মত্যাগের এই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন, বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের পথে ফিরে যাবে না এবং কোনো বিদেশি আধিপত্যের কাছেও মাথানত করবে না।

শিক্ষা সফরের অন্যতম আকর্ষণ ছিল শিশু ও বড়দের জন্য আয়োজিত বিভিন্ন ঐতিহ্যবাহী বাংলাদেশি খেলাধুলা। শিশুদের জন্য ছিল মনোরম ক্রীড়া প্রতিযোগিতা, আর বড়দের জন্য আয়োজন করা হয় দড়ি টানাটানি, মোরগ লড়াইয়ের আদলে বিনোদনমূলক প্রতিযোগিতা, আনুগত্যভিত্তিক দলীয় খেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক ইভেন্ট। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আয়োজকদের মতে, এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ঐক্য ও দেশপ্রেমের বন্ধনকে আরও সুদৃঢ় করা।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কোরিয়া মুসলিম কমিউনিটির সেক্রেটারি মো. কামাল হোসেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]