প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:২২ পিএম (ভিজিট : )
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে অভিযানের সময় বিভিন্ন পরিবহনের ভাড়ার তালিকার সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া ভাড়া এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় কয়েকজন যাত্রীর কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ। যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ভাড়া আদায় মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে এবং কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।