প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৯:২৯ পিএম (ভিজিট : ৫৮)
নানা আয়োজন ও উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে দিনব্যাপী কর্মসূচিতে ছিল প্রাণের উচ্ছ্বাস ও ঐতিহ্যের আবহ।
১লা বৈশাখের সকালে সূর্যের প্রথম আলোয় সকাল ৯টায় সমিতির প্রধান ফটক সংলগ্ন সড়ক থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। রঙিন ব্যানার, উৎসবের সাজ ও প্রাণবন্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে এসে এক উৎসবমুখর পরিবেশে মিলিত হয়।
পরে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মন্নান কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় সাধারণ সম্পাদক আখতার উদ্দিন হেলালী, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন আপ্যায়ন সম্পাদক রিদুয়ান আলী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদা খানম কক্সী।
পান্তা-ইলিশের স্বাদ, বৈশাখী গানের সুর, আবৃত্তির আবেশ, পিঠাপুলির ঘ্রাণ ও স্মৃতিময় ফটোসেশনে দিনটি হয়ে ওঠে এক অনন্য আয়োজন। বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং নবীন-প্রবীণ আইনজীবীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় সম্প্রীতির এক উজ্জ্বল মিলনমেলায়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেক আইনজীবী সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, উৎসবমুখর পরিবেশে তাঁরা অনুষ্ঠানটি উপভোগ করেছেন।
সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ বলেন, পুরনো সকল হতাশা ও ব্যর্থতা ভুলে ন্যায় ও সত্যের প্রত্যয়ে আগামীর পথচলা শুরু করার আহ্বান জানান।
আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মন্নান তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।