প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৩২ পিএম (ভিজিট : ৯)
ঘটনার পর থেকে লুকিয়ে ছিলেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার পেয়ে যাবেন ভেবেছিলেন হয়তো। কিন্তু শেষ রক্ষা হলো না। ঢাকার শাহবাগ থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি তূর্য দে (২৫)কে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত ১৮ মে চট্টগ্রামের আগ্রাবাদে একটি হোটেলে 'মিট চায়না ডক্টর' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে দোভাষী হিসেবে কাজ করছিলেন ভুক্তভোগী তরুণী ,পেশায় তিনি একজন চীনা ভাষা অনুবাদক। ওই ইভেন্টেই তূর্য দে'র সঙ্গে তার প্রথম পরিচয়।
পরিচয়ের পর তূর্য অনলাইনে তরুণীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন এবং একপর্যায়ে প্রেমের প্রস্তাব দেন।
গত ২৬ মে রাত ১১টার দিকে তূর্য ওই তরুণীকে শাহবাগ এলাকার একটি হোটেলে ডেকে নেন। সেখানে বিয়ের প্রস্তাব দিলে তরুণী রাজি হননি। এরপরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়, প্রতারণা ও জোরের আশ্রয় নিয়ে তরুণীকে ধর্ষণ করেন তূর্য।
পরে বিয়ের দাবি জানালে তূর্য তা প্রত্যাখ্যান করেন এবং তরুণীকে নানাভাবে ভয় দেখাতে থাকেন। এই পরিস্থিতিতে ভুক্তভোগী শাহবাগ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক ছিলেন তূর্য।
রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা তূর্য দে নিজের এলাকা ছেড়ে চট্টগ্রাম নগরীতে আত্মগোপন করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ চকবাজারের বালি আর্কিড শপিংমল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর তূর্যকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া এখন চলমান।