বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


‘রমিজের আয়না’র ১৪ বছর পর একসঙ্গে
প্রকাশ: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম  (ভিজিট : ৩৩৪)
অভি মঈনুদ্দীন  :
আজ থেকে ১৪ বছর আগে এনটিভিতে প্রচারিত হয়েছিলো শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘রমিজের আয়না’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায়। এই ধারাবাহিকে সেই সময় অনেকেই অভিনয় করেছিলেন। যেমন শোয়েব, হিল্লোল, মিলন, অ্যানী, তিন্নী’সহ আরো অনেকে। একই ধারাবাহিকে বলা যায় একজন নবাগত হিসেবেই অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ‘রমিজের আয়না’য় অভিনয় করাটাও ছিলো অপূর্ব’র জন্য টার্নিং পয়েন্ট। তবে ‘রমিজের আয়না’য় অভিনয়ের পর শিহাব শাহীনের পরিচালনায় বহু নাটকে অপূর্ব অভিনয় করলেও একসঙ্গে আর কোনদিন অপূর্ব ও প্রাণ রায়ের অভিনয় করা হয়ে উঠেনি। দীর্ঘ ১৪ বছর পর প্রাণ ও অপূর্ব আবারো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘একটা নির্জন দুপুর চাই’। নাটকটি রচনা করেছেন রহমান মোস্তাফিজ পাভেল ও পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। তবে পরিচালক সৈয়দ শাকিল জানান কবে কোন চ্যানেলে নাটকটি প্রচার হবে তা এখনো চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন পর একসঙ্গে একই নাটকে অভিনয় করে প্রাণ ও অপূর্ব শুটিং চলাকালীন সময়ে ছিলেন বেশ খোশ মেজাজে। দু’জনই ‘রমিজের আয়না’র দিনগুলোর কথা বারবার স্মৃতিচারণ করছিলেন। আবার প্রাণ ও অপূর্ব’র ইচ্ছেও হলো ‘রমিজের আয়না’তে যারা অভিনয় করেছিলেন তাদের সঙ্গে কোন একটা দিন গল্পে আড্ডায় মেতে উঠা। পরিচালক শিহাব শাহীন অবশ্য তা নিয়ে কিছুটা ভাবছেনও বটে-জানালেন অপূর্ব। দীর্ঘদিন পর অপূর্ব’র সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে প্রাণ রায় বলেন, ‘এতোদিন পর আমাদের দেখা হয়ে আমার কাছে মনে হলো যেন দুই ভাইয়ের বহুবছর পর দেখা হবারই মতো একটি বিষয়। আমি শুটিং-এ গিয়ে অপূর্ব’র জন্য অপেক্ষা করছিলাম কখন সে আসবে। আসার পর আমাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিলো এবং আমার উপলদ্ধি হলো যে, যে অপূর্বকে দেখেছিলাম-এখনো সেই অপূর্বই আছে। এখন সে বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন সুপারস্টার। কিন্তু আমার কাছে সেই আগেরই অপূর্ব। অভিনয়ে অপূর্ব আগের চেয়ে আরো অনেক অনেক বেশি ম্যাচিউরড। তার সাফল্য সত্যিই আমাকে গর্বিত করে। ধন্যবাদ সৈয়দ শাকিল ভাইকে আমাদের দীর্ঘদিন পর একসঙ্গে করার জন্য।’ অপূর্ব বলেন, ‘প্রাণ দা’র সঙ্গে রমিজের আয়না ধারাবাহিকে অভিনয় করার সময় ভীষণ সহযোগিতা পেয়েছি। এতোটা বছর পর একসঙ্গে কাজ করতে এসে মাঝে মাঝে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। মাঝে এতোটা বছর পেরিয়ে গেছে টেরই পাইনি। প্রাণ দা’কে দেখে আমারও ভীষণ ভালোলেগেছে, যার উচ্ছাস বা আনন্দটুকু আমি কথায় প্রকাশ করতে পারছিনা। কিন্তু এই আনন্দ মর্নে গভীরে এক অন্যরকম সুখপ্রাপ্তি ঘটায়। প্রাণ দা’র কাছে আমি সেই আগের অপূর্ব’ই আছি।’ এদিকে অপূর্ব সৈয়দ শাকিলের পরিচালনায় আরো দু’টি নাটকের কাজ শেষ করেছেন যাতে তার বিপরীতে আছেন ফারিণ। প্রাণ রায় নায়িকা মৌসুমীর সঙ্গে ‘ভাঙ্গন’ সিনেমার কাজ করেছেন।
    ছবি: আলিফ রিফাত







Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]