
রাজশাহীর অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, পশুপালন, পোল্ট্রি ও বিভিন্ন ধরনের খামার গড়ে তুলে এ অঞ্চলের উদ্যোক্তারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও অবদান রাখছেন।
রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলের সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে প্রাণিসম্পদ অন্যতম। এ খাতে কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক সুযোগ রয়েছে। উদ্যোক্তারা পশুপালন ও পোল্ট্রিসহ বিভিন্ন ধরনের খামার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। একই সঙ্গে এসব উদ্যোগ দেশের অর্থনীতির বিকাশেও ভূমিকা রাখছে।
রাজশাহীর কৃষি ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, কৃষিনির্ভর এ অঞ্চল থেকে প্রতিদিন শত শত ট্রাক তাজা মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে সপ্তাহে দুই দিন কয়েকশ ট্রাকে গরু, মহিষ ও ছাগল দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।
প্রাণিসম্পদ খাতে রাজশাহীর অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী এ শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি। দুধ, ডিম ও মাংস উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কে এম মোজাফফর হোসেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে এ আয়োজন করে।
এর আগে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উপস্থিতিতে নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সার্কিট হাউসের সামনে দিয়ে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ভূমিমন্ত্রীসহ অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আলোচনা সভা শেষে রাজশাহী জেলার সেরা ১০ খামারি উদ্যোক্তার হাতে মেডেল, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।