
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
শনিবার খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পর্যটন খাতের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন মন্ত্রী।
সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য অঞ্চল ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়কর মওকুফ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন, তা দেশের ইতিহাসে প্রথম।
পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এসব সংগঠনের সঙ্গে সরকার বা বিএনপির কোনো ব্যক্তিগত বিরোধ নেই। রাষ্ট্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের কিছু দাবি-দাওয়া থাকতে পারে। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের কেন তারা আশ্রয় দিচ্ছে, সেই প্রশ্ন রয়েছে।
মন্ত্রী অভিযোগ করেন, ২০০৪ সালের ৬ আগস্ট থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মহালছড়ির মুবাছড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তিনি সেখানে তিন মাস অবস্থান করেছিলেন। বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে একাধিকবার জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক উসকানি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাচিং প্রু বলেন, উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী ও কিছু বিদেশি মহল এ অঞ্চলে দাঙ্গা এবং সাম্প্রদায়িক বিভেদ তৈরিতে উসকানি দেয়। তবে সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। গত নির্বাচনে অর্ধেকের বেশি পাহাড়ি ভোটার তাকে ভোট দিয়ে যে আস্থা প্রকাশ করেছেন, তা প্রমাণ করে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না।
তিনি বলেন, নিজ নিজ কর্মস্থল ও আশপাশের মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করতে হবে। গত দুই বছরেরও বেশি সময় ধরে পাহাড়ি-বাঙালি যেভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
গভীর রাতে সন্দেহজনক চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, রাত দুইটা-তিনটার দিকে পরিচয়হীন কিছু মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলাচল করে। এ সময় কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে জিজ্ঞাসাবাদ করলে সেটিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক ভুল বোঝাবুঝি ও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পার্বত্য অঞ্চলের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে সাচিং প্রু জেরী বলেন, জিয়াউর রহমান পাহাড়ের ১১টি ও সমতলের ৪০টিসহ মোট ৫১টি জাতিসত্তাকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে একীভূত করেছিলেন। পার্বত্য অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, শান্তি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনিই প্রথম ‘চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড’ গঠন করেন। পাশাপাশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠীকে একত্র করে যৌথ খামার প্রতিষ্ঠা এবং পাঁচ একর করে জমি দেওয়ার মাধ্যমে তাদের স্থায়ী আয়ের ব্যবস্থা করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।
এ ছাড়া বক্তব্য দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, ডিজিএফআই কমান্ডার এস এম রেজাউনুর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্রসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।