প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৫১ এএম
(ভিজিট : ৯)
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুই ইউনিটের জন্য নির্ধারিত ইউরেনিয়াম সরবরাহের প্রক্রিয়া সম্পন্ন হলো।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে এসব ইউরেনিয়াম আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় ব্যবহারের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে এই সরবরাহ কার্যক্রম শেষ হয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে।
ইউরেনিয়াম সরবরাহ সম্পন্ন হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানোর কথা জানানো হয়েছে।
এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় কেন্দ্রটির প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া দেশের জন্য আনন্দের সংবাদ।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা ধরে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষা চালানো হবে।