
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার সুযোগ নেই; তাঁকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়েন। তাই চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, কোনো ব্যক্তির স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে ফেরত পাঠানোর বিষয় দুটি আলাদা। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকের যাতায়াতের সঙ্গে অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ প্রক্রিয়ার তুলনা করা যায় না।
তিনি বলেন, শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়েন। তাই চুক্তি অনুযায়ী তাঁকে হস্তান্তর করতে হবে।
শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যদের ফিরিয়ে আনতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ জানিয়েছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে অনুরোধ জানিয়েছে। এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি ভারতে অবস্থান করছেন। তাঁদের বিরুদ্ধে লুটপাট, মানুষ হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। শহীদ হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরাও ভারতে পালিয়ে রয়েছেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদেরও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং কোনো বাংলাদেশি মিশনে গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই। তাঁর দেশে ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি।
প্রতিমন্ত্রী বলেন, তাঁকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তার মধ্যে বাংলাদেশে আনা হবে। এ ছাড়া তাঁর দেশে ফেরার অন্য কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার পরিবার, দল ও সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনার অবস্থানকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রত্যর্পণ চুক্তিতে অপরাধীদের ফেরত পাঠানোর বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে সেই বিধানই প্রযোজ্য।
ভারতে শেখ হাসিনার অবস্থানের কারণে দেশটিও বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়েছে বলে মনে করেন হুমায়ুন কবির। তাঁর মতে, শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।