বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


জলবায়ু সম্মেলন কপ-৩১ এর আন্তালিয়ার অচলাবস্থা কাটিয়ে আদ্দিস আবাবায় ঐকমত্যের সন্ধান
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:১০ পিএম  (ভিজিট : ১৩)
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ একটি সামগ্রিক রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বিশ্বনেতারা। ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত কপ১৫-এর পর এই প্রথম জাতিসংঘের কোনো জলবায়ু সম্মেলন একটি অভিন্ন রাজনৈতিক চুক্তি বা সামগ্রিক সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো। এ ঘটনা আন্তর্জাতিক জলবায়ু আলোচনার গভীর বিভাজনকে আবারও সামনে নিয়ে এসেছে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন এবং প্যারিস চুক্তির বাস্তবায়ন নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য কতটা প্রকট, আন্তালিয়ার সম্মেলন তারই প্রতিফলন।

তবে কপ৩১-কে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়া সম্মেলন বলা সঠিক হবে না। সম্মেলনে ন্যায়সংগত জ্বালানি রূপান্তর, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি, স্বচ্ছতা এবং দ্বিতীয় বৈশ্বিক অগ্রগতি (জিএসটি) পর্যালোচনাসহ বিভিন্ন নির্ধারিত আলোচ্য বিষয়ে ৪৬টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু সম্মেলনের সামগ্রিক রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরার জন্য তুরস্কের সম্মেলন সভাপতির প্রস্তাবিত সামগ্রিক সিদ্ধান্ত, যা ‘আন্তালিয়া চুক্তি’ নামে পরিচিতি পেয়েছিল, তা গ্রহণে ঐকমত্য হয়নি। অর্থাৎ, নির্দিষ্ট আলোচ্য বিষয়ে অগ্রগতি হলেও বিশ্ব জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় একটি অভিন্ন রাজনৈতিক বার্তা দিতে পারেনি দেশগুলো।

এ ব্যর্থতা এমন এক সময়ে ঘটল, যখন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ক্রমেই তীব্র হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার সুযোগ দ্রুত সংকুচিত হচ্ছে। ফলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আন্তালিয়ার অচলাবস্থা যেন ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠেয় কপ৩২-তেও ছড়িয়ে না পড়ে। সে জন্য সম্মেলনের অনেক আগেই আলোচনার ভিত্তি তৈরি করতে হবে। এ ক্ষেত্রে বাস্তবায়নবিষয়ক সহায়ক সংস্থা (এসবিআই) এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরামর্শবিষয়ক সহায়ক সংস্থাকে (সাবস্টা) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


কেন ব্যর্থ হলো আন্তালিয়ার আলোচনা

কপ৩১-এর সবচেয়ে বড় মতবিরোধের জায়গা হয়ে ওঠে প্রস্তাবিত ‘আন্তালিয়া চুক্তি’। তুরস্কের সম্মেলন সভাপতির নেতৃত্ব এবং অস্ট্রেলিয়ার পরিচালিত আলোচনা প্রক্রিয়ার লক্ষ্য ছিল সম্মেলনের সামগ্রিক অগ্রাধিকার ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে একটি সমঝোতায় পৌঁছানো। কিন্তু চূড়ান্ত খসড়ায় জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের ভাষা, কার্বন অপসারণ প্রযুক্তির ব্যবহার এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়নের পরিমাণ—কোনো বিষয়েই মতপার্থক্য দূর করা সম্ভব হয়নি।

জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়টি সামগ্রিক সিদ্ধান্তে স্পষ্টভাবে উল্লেখ না করাই ছিল বিরোধের অন্যতম প্রধান কারণ। ইউরোপীয় ইউনিয়নসহ জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ কয়েকটি দেশ মনে করে, কপ২৮-এ গৃহীত জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অঙ্গীকারকে নতুন সিদ্ধান্তে আরও জোরালোভাবে প্রতিফলিত করা প্রয়োজন ছিল। তাদের মতে, এ ধরনের ভাষা বাদ দেওয়া হলে আগের সম্মেলনে গৃহীত অঙ্গীকারের ধারাবাহিকতা দুর্বল হয়ে পড়ে।

অন্যদিকে কয়েকটি দেশ মনে করে, বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার জন্য একক পথনির্দেশনা বা খাতভিত্তিক নির্দিষ্ট লক্ষ্য চাপিয়ে দেওয়া জাতীয় বাস্তবতা ও উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোও এমন ভাষার বিরোধিতা করে, যা তাদের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে একটি গ্রহণযোগ্য সমঝোতার ভাষা তৈরি করা কঠিন হয়ে পড়ে।

জলবায়ু অর্থায়ন ছিল মতবিরোধের আরেকটি মৌলিক ক্ষেত্র। উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য আন্তর্জাতিক অর্থায়নের নিশ্চয়তা চেয়েছে। তাদের যুক্তি, সীমিত আর্থিক সক্ষমতার দেশগুলোকে পর্যাপ্ত ও পূর্বানুমানযোগ্য আন্তর্জাতিক সহায়তা ছাড়া ব্যয়বহুল জলবায়ু কর্মসূচি বাস্তবায়নে বাধ্য করা ন্যায়সংগত নয়।

অন্যদিকে উন্নত দেশগুলো বৈশ্বিক আর্থিক প্রবাহকে জলবায়ু লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে আরও বিস্তৃত আলোচনা চেয়েছে। উন্নয়নশীল দেশগুলোর আশঙ্কা, এ ধরনের আলোচনার ফলে জাতিসংঘের জলবায়ু কাঠামোর অধীনে উন্নত দেশগুলোর অর্থায়ন-সংক্রান্ত দায়িত্ব আড়ালে পড়ে যেতে পারে। প্যারিস চুক্তির ২.১(গ) অনুচ্ছেদ—যেখানে আর্থিক প্রবাহকে নিম্ন-নির্গমন ও জলবায়ু সহনশীল উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কথা বলা হয়েছে—এবং উন্নত দেশগুলোর অর্থায়নের বাধ্যবাধকতার সম্পর্ক নিয়েও মতপার্থক্য দেখা দেয়।

কার্বন ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তি এবং অন্যান্য কার্বন অপসারণ প্রযুক্তির ব্যবহার নিয়েও খসড়া সিদ্ধান্তে সমালোচনা ওঠে। কয়েকটি দেশ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সতর্ক করে বলেন, এসব প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা উৎসে নির্গমন কমানোর মূল লক্ষ্য থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। একই সঙ্গে এর ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত হওয়ার ঝুঁকিও রয়েছে।

আলোচনা প্রক্রিয়ার দুর্বলতাও ব্যর্থতার পেছনে ভূমিকা রেখেছে। আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি সামগ্রিক সিদ্ধান্ত নিয়ে পরামর্শ চলতে থাকায় সময় ও রাজনৈতিক মনোযোগের ওপর চাপ তৈরি হয়। খসড়া তৈরির প্রক্রিয়ার স্বচ্ছতা, সময় নির্ধারণ এবং অংশগ্রহণের সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষ প্রশ্ন তোলে। অনেক দেশের প্রতিনিধিদলের মতে, চূড়ান্ত খসড়ায় তাদের উদ্বেগ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। শেষ মুহূর্তে কপ৩১ নির্ধারিত সময়ে ২দিন বাড়িয়ে সমঝোতার চেষ্টা করেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি।

সম্মেলনের শেষ অধিবেশনে বিভাজনের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। অন্তত ৩২টি দেশ চূড়ান্ত খসড়ার বিরোধিতা করে। আরও কয়েকটি দেশ জানায়, প্রস্তাবিত সিদ্ধান্তে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। শেষ পর্যন্ত সম্মেলনের সভাপতিও স্বীকার করেন যে সিদ্ধান্তটি গ্রহণ করা সম্ভব নয়।

কোপেনহেগেনের সঙ্গে তুলনা

কোপেনহেগেনের সঙ্গে আন্তালিয়ার তুলনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও দুটি সম্মেলনের পরিস্থিতি ও ফলাফল এক নয়। ২০০৯ সালের কপ১৫-এ কোপেনহেগেন সমঝোতা সর্বসম্মত আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়নি। সম্মেলন কেবল সমঝোতাটিকে নথিভুক্ত করে; কয়েকটি দেশ এতে সমর্থন জানালেও সব পক্ষ তা গ্রহণ করেনি।

কপ৩১-এও সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা ঐকমত্যভিত্তিক আন্তর্জাতিক আলোচনাব্যবস্থার সীমাবদ্ধতা সামনে এনেছে। তবে আন্তালিয়ার সম্মেলনে কোপেনহেগেনের মতো সব ধরনের সিদ্ধান্তই আটকে যায়নি। বিভিন্ন নির্ধারিত আলোচ্য বিষয়ে ৪৬টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং প্যারিস চুক্তির কাঠামো অক্ষুণ্ন রয়েছে।

দুটি সম্মেলনের অভিজ্ঞতা থেকে একটি বিষয় স্পষ্ট—প্রকৃত ঐকমত্য ছাড়া রাজনৈতিক ঘোষণা কার্যকর হয় না। সম্মেলনের সভাপতি সমঝোতা তৈরিতে সহায়তা করতে পারেন, কিন্তু পক্ষগুলো যে খসড়াকে ভারসাম্যপূর্ণ, স্বচ্ছ বা পূর্ববর্তী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করে না, তা উপস্থাপন করে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের ঐকমত্যভিত্তিক প্রক্রিয়ায় প্রতিটি দেশের মতামত দেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে অল্প কয়েকটি দেশের আপত্তিও চূড়ান্ত সিদ্ধান্ত আটকে দিতে পারে। উন্নয়ন অগ্রাধিকার, জ্বালানি নিরাপত্তা, ঐতিহাসিক দায় এবং আর্থিক সক্ষমতার মতো বিষয়ে স্বার্থের সংঘাত থাকলে এই সীমাবদ্ধতা আরও প্রকট হয়।

কপ৩১–এর অর্জন ও সীমাবদ্ধতা

সামগ্রিক রাজনৈতিক সমঝোতা না হলেও কপ৩১-এ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, যা কপ৩২-এর আলোচনাকে প্রভাবিত করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে চালু হওয়া ন্যায়সংগত রূপান্তর কর্মসূচি আরও তিন বছর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত। পাশাপাশি ন্যায়সংগত রূপান্তরবিষয়ক ব্যবস্থা ধাপে ধাপে কার্যকর করার বিষয়ে সম্মতি হয়েছে। এর প্রাতিষ্ঠানিক কাঠামো ও কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা কপ৩২-এ এগিয়ে নেওয়ার কথা।

এই ব্যবস্থার উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা, কারিগরি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করা। তবে কার্যকরভাবে এটি চালু করতে হলে এর পরিচালন কাঠামো, প্রাতিষ্ঠানিক অবস্থান, সহায়তা পাওয়ার পদ্ধতি এবং বিদ্যমান জলবায়ু অর্থায়ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্পষ্ট করতে হবে।

জলবায়ু অর্থায়ন নিয়েও আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। অর্থায়নে প্রবেশাধিকার সহজ করা এবং অভিযোজনের জন্য সহায়তা বাড়ানোর বিষয়ে কাজ এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তবে উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগ দূর করার মতো বড় কোনো নতুন আর্থিক প্রতিশ্রুতি সম্মেলন থেকে আসেনি। গৃহীত সিদ্ধান্তের বড় অংশই প্রক্রিয়াগত পর্যায়ে সীমিত থেকেছে।

প্রযুক্তি, অভিযোজন ও স্বচ্ছতা-সংক্রান্ত কয়েকটি বিষয়ে কাজ এগিয়েছে। সম্মেলনের কর্মসূচির আওতায় বিদ্যুতায়ন ত্বরান্বিত করার মতো স্বেচ্ছামূলক উদ্যোগও দেখা গেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সহায়ক হতে পারে, তবে এগুলোকে আনুষ্ঠানিক আলোচনায় গৃহীত বাধ্যবাধকতা কিংবা প্যারিস চুক্তির অধীনে প্রয়োজনীয় অর্থায়ন ও রাজনৈতিক অঙ্গীকারের বিকল্প হিসেবে দেখা যাবে না।

অন্যদিকে সামগ্রিক সিদ্ধান্তে ঐকমত্য না হওয়ায় কয়েকটি আলোচ্য বিষয়েও অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। প্রশমন কর্মসূচি, প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা এবং বৈশ্বিক পরিবেশ সুবিধা তহবিলের জন্য নির্দেশনা-সংক্রান্ত খসড়া সিদ্ধান্তগুলো গ্রহণ করা যায়নি। বিশেষ করে প্রশমন কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ কর্মসূচিটি অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।


এখন কেন এসবিআই ও সাবস্টা গুরুত্বপূর্ণ

কপ৩২-এর প্রস্তুতিতে বাস্তবায়নবিষয়ক সহায়ক সংস্থা এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরামর্শবিষয়ক সহায়ক সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি সংস্থাকে কেবল কারিগরি কমিটি হিসেবে দেখলে ভুল হবে। জলবায়ু চুক্তির বাস্তবায়ন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিষয় পর্যালোচনা, খসড়া সিদ্ধান্ত তৈরি এবং রাজনৈতিক পর্যায়ে যাওয়ার আগে মতপার্থক্য কমানোর ক্ষেত্রে এগুলো জাতিসংঘের জলবায়ু প্রক্রিয়ার প্রধান প্রাতিষ্ঠানিক মাধ্যম।

বাস্তবায়নবিষয়ক সহায়ক সংস্থা মূলত জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশন, কিয়োটো প্রটোকল এবং প্যারিস চুক্তির বাস্তবায়ন নিয়ে কাজ করে। জলবায়ু অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি-সহযোগিতা, স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক বিষয় এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য সহায়তা এর কাজের গুরুত্বপূর্ণ অংশ। গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, কোথায় বাধা রয়েছে এবং কোন বিষয় রাজনৈতিক পর্যায়ের মনোযোগ দাবি করে—এসবও পর্যালোচনা করে সংস্থাটি।

অন্যদিকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরামর্শবিষয়ক সহায়ক সংস্থা জলবায়ু আলোচনার বৈজ্ঞানিক, কারিগরি ও প্রযুক্তিগত ভিত্তি তৈরি করে। বৈজ্ঞানিক তথ্য, পদ্ধতিগত প্রশ্ন, প্রশমন, অভিযোজন, কৃষি, প্রযুক্তি এবং অন্যান্য কারিগরি বিষয় নিয়ে কাজ করে সংস্থাটি। এর মাধ্যমে জলবায়ু সিদ্ধান্তগুলো সর্বশেষ বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার পাশাপাশি আলোচনার জন্য একটি অভিন্ন কারিগরি ভিত্তি তৈরির চেষ্টা করা হয়।

এই দুই সংস্থার ৬৬তম অধিবেশন ২০২৭ সালের ৭ থেকে ১৭ জুন জার্মানির বন শহরে অনুষ্ঠিত হওয়ার কথা। আন্তালিয়ার পর কপ৩২-এর আগে এটিই হবে দেশগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক আলোচনার সুযোগ। তাই এই অধিবেশন যেন কেবল সাধারণ বক্তব্য ও অবস্থান পুনর্ব্যক্ত করার মধ্যে সীমাবদ্ধ না থাকে। নির্দিষ্ট লক্ষ্য, বাস্তবসম্মত সময়সীমা এবং যতটা সম্ভব প্রস্তুত খসড়া সিদ্ধান্তসহ একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রয়োজন।

কপ৩২–এর আগে বাস্তবায়নবিষয়ক সহায়ক সংস্থার অগ্রাধিকার

আন্তালিয়ায় যেসব বাস্তবায়ন-ঘাটতি স্পষ্ট হয়েছে, বাস্তবায়নবিষয়ক সহায়ক সংস্থার আলোচনায় সেগুলোকে তাৎক্ষণিক অগ্রাধিকার দিতে হবে। জলবায়ু অর্থায়নকে রাখতে হবে কেন্দ্রীয় আলোচনায়। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন পূর্বানুমানযোগ্য, সহজে পাওয়া যায় এমন এবং সাশ্রয়ী অর্থায়ন। অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদান এবং সহজ শর্তের অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বিদ্যমান প্রতিশ্রুতিগুলো কীভাবে বাস্তব সহায়তায় রূপান্তর করা যায়, অর্থায়নে প্রবেশাধিকার কীভাবে সহজ করা যায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় কীভাবে বাড়ানো যায়—এসব বিষয়ে সংস্থাটিকে কার্যকর পথনির্দেশনা তৈরি করতে হবে।

জলবায়ু অর্থায়ন কর্মসূচির জন্য কপ৩২ পর্যন্ত একটি সুস্পষ্ট কর্মপথ নির্ধারণ প্রয়োজন। অর্থায়নের পরিমাণ, গুণগত মান, উৎস এবং সহজলভ্যতা নিয়ে মতপার্থক্য কমাতে কারিগরি আলোচনা এগিয়ে নিতে হবে। একই সঙ্গে প্যারিস চুক্তির ২.১(গ) অনুচ্ছেদ নিয়ে আলোচনা যেন উন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশকে সহায়তা দেওয়ার দায়িত্বকে দুর্বল বা প্রতিস্থাপন না করে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

ন্যায়সংগত রূপান্তরবিষয়ক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ও পরিচালন কাঠামো নির্ধারণেও সংস্থাটিকে অগ্রণী ভূমিকা নিতে হবে। এর মধ্যে থাকবে পরিচালনা পদ্ধতি, কারিগরি কার্যক্রম, বিদ্যমান প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক এবং শ্রমিক, স্থানীয় জনগোষ্ঠী, নারী, আদিবাসী জনগোষ্ঠী ও অন্যান্য ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থা। পর্যাপ্ত অর্থ ও বাস্তবায়ন সক্ষমতা ছাড়া ব্যবস্থাটি আরেকটি আলোচনা-ফোরামে পরিণত হলে এর কার্যকারিতা সীমিত হয়ে পড়বে।

অভিযোজন পরিকল্পনাকে বাস্তব প্রকল্পে রূপান্তর করাও জরুরি। জাতীয় অভিযোজন পরিকল্পনার অগ্রগতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং আন্তর্জাতিক সহায়তা পাওয়ার সুযোগ পর্যালোচনা করতে হবে। জলবায়ু ঝুঁকি মূল্যায়নের তথ্যকে অর্থায়নযোগ্য ও স্থানীয় বাস্তবতার উপযোগী প্রকল্পে রূপান্তরের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশগুলো যেসব বাধার মুখে পড়ে, সেগুলো দূর করার উদ্যোগ প্রয়োজন।

প্যারিস চুক্তির স্বচ্ছতা কাঠামোর আওতায় প্রতিবেদন তৈরির জন্য উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে হবে। বিশেষ করে সীমিত প্রাতিষ্ঠানিক ও তথ্য ব্যবস্থাপনা সক্ষমতাসম্পন্ন দেশগুলোর জন্য আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করা জরুরি।

এ ছাড়া একাধিক অধিবেশনে অমীমাংসিত থাকা আলোচ্য বিষয় ও দায়িত্বগুলো পর্যালোচনা করতে হবে। আলোচনার বিষয়গুলো যথাযথভাবে সাজানো, সময়সীমা নির্ধারণ এবং সমন্বয় বাড়ানো গেলে একই ধরনের প্রক্রিয়াগত অচলাবস্থা পুনরাবৃত্তির ঝুঁকি কমবে।

বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়ক সংস্থাকে বিজ্ঞানের ভিত্তি শক্তিশালী করতে হবে

কপ৩২-এর প্রস্তুতিতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরামর্শবিষয়ক সহায়ক সংস্থার প্রধান কাজ হওয়া উচিত সিদ্ধান্ত গ্রহণের বৈজ্ঞানিক ভিত্তি শক্তিশালী করা এবং কারিগরি মতপার্থক্যকে রাজনৈতিক বিরোধে পরিণত হওয়ার আগেই সমাধানের চেষ্টা করা। প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বৈশ্বিক প্রশমন-ঘাটতি এবং প্রথম বৈশ্বিক অগ্রগতি পর্যালোচনার ফলাফল বাস্তবায়ন। নির্গমন কমানো ও জ্বালানি ব্যবস্থার রূপান্তরে বিশ্ব কতটা এগিয়েছে, তার একটি নির্ভরযোগ্য মূল্যায়ন প্রয়োজন।

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্কে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পথ, নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা, জ্বালানি দক্ষতা, বিদ্যুতায়ন, মিথেন নির্গমন হ্রাস এবং সবার জন্য জ্বালানি নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে একটি অভিন্ন কারিগরি বোঝাপড়া তৈরি করতে হবে। জাতীয় বাস্তবতা ও সক্ষমতার পার্থক্য বিবেচনায় রেখেও প্যারিস চুক্তির তাপমাত্রা লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা জরুরি।

কার্বন ধারণ এবং কার্বন অপসারণ প্রযুক্তির সম্ভাবনা, ব্যয়, সীমাবদ্ধতা, পরিবেশগত ঝুঁকি ও জাতীয় জলবায়ু পরিকল্পনায় এর ভূমিকা নিয়েও স্বচ্ছ বৈজ্ঞানিক মূল্যায়ন প্রয়োজন। এসব প্রযুক্তি যেন দ্রুত ও ধারাবাহিকভাবে নির্গমন কমানোর বিকল্প হিসেবে বিবেচিত না হয়, তা নিশ্চিত করতে হবে।

অভিযোজনবিষয়ক বিজ্ঞান, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু তথ্যসেবা এবং জাতীয় পরিকল্পনায় বৈজ্ঞানিক তথ্যের ব্যবহার বাড়ানোও সংস্থাটির অগ্রাধিকারে থাকতে হবে। তীব্র তাপপ্রবাহ, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অন্যান্য জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু মডেলিং, প্রযুক্তি ও কারিগরি দক্ষতায় প্রবেশাধিকার বাড়ানো প্রয়োজন।

কৃষি, খাদ্যনিরাপত্তা, সমুদ্র এবং প্রকৃতিভিত্তিক সমাধান নিয়েও বৈজ্ঞানিক ও কারিগরি কাজ এগিয়ে নিতে হবে। এসব খাতের গবেষণা ও সুপারিশকে বাস্তবায়ন এবং অর্থায়নের সঙ্গে যুক্ত করা জরুরি। বিশেষ করে কৃষিতে জলবায়ু কার্যক্রম নিয়ে এমন সুস্পষ্ট সুপারিশ তৈরি করতে হবে, যা কপ৩২-এ বিবেচনার জন্য উপস্থাপন করা যায়।

দ্বিতীয় বৈশ্বিক অগ্রগতি পর্যালোচনার প্রস্তুতিও সংস্থাটির গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ প্রক্রিয়ার জন্য নির্ভরযোগ্য তথ্য, সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি এবং সম্মিলিত অগ্রগতির স্বচ্ছ মূল্যায়ন প্রয়োজন। রাজনৈতিক দরকষাকষি কিংবা বিচ্ছিন্ন প্রতিবেদন ব্যবস্থার কারণে বৈজ্ঞানিক তথ্যের গুরুত্ব যেন ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে হবে।


কারিগরি আলোচনা থেকে রাজনৈতিক ঐকমত্য

বাস্তবায়নবিষয়ক ও বৈজ্ঞানিক-প্রযুক্তিগত সহায়ক সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এমন কারিগরি অগ্রগতি তৈরি করা, যার ভিত্তিতে কপ৩২-এ মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। প্রশমন, অভিযোজন, প্রযুক্তি, অর্থায়ন এবং ন্যায়সংগত রূপান্তরের মতো পরস্পরসম্পর্কিত বিষয়ে দুই সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে প্যারিস চুক্তির অধীনে ইতোমধ্যে গৃহীত সিদ্ধান্তগুলো অযথা পুনরায় আলোচনায় না তোলার বিষয়েও সতর্ক থাকতে হবে।

বনের অধিবেশনকে মতৈক্য ও মতবিরোধের জায়গাগুলো আগেভাগে চিহ্নিত করার কাজে ব্যবহার করতে হবে। আলোচনার সহ-সমন্বয়কারীদের স্পষ্ট দায়িত্ব, ভারসাম্যপূর্ণ খসড়া এবং পরামর্শের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। শেষ মুহূর্তের অপেক্ষা না করে আলোচনাকারী জোটগুলোকে অধিবেশনের আগেই প্রস্তাব জমা দিতে উৎসাহিত করা প্রয়োজন।

নতুন আয়োজক দেশ হিসেবে ইথিওপিয়ার সম্মেলন সভাপতিকেও সম্মেলনের অনেক আগে থেকেই অন্তর্ভুক্তিমূলক পরামর্শ শুরু করতে হবে। কপ৩১-এর সম্মেলন সভাপতি, অস্ট্রেলিয়া, জাতিসংঘের জলবায়ু সচিবালয়, বিভিন্ন আলোচনাকারী জোট এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে অমীমাংসিত বিষয়গুলো চিহ্নিত করতে হবে। সবচেয়ে কঠিন বিষয়গুলো নিয়ে মন্ত্রী পর্যায়ের পরামর্শসহ একটি স্বচ্ছ কর্মপথ তৈরি করা গেলে আলোচনায় আস্থা ফিরিয়ে আনা সহজ হবে।

ইথিওপিয়া জানিয়েছে, তারা কপ৩২-কে অন্তর্ভুক্তিমূলক করতে এবং স্বল্পোন্নত দেশগুলোর অগ্রাধিকারকে গুরুত্ব দিতে চায়। আফ্রিকার আয়োজক দেশ হিসেবে অভিযোজন, জলবায়ু অর্থায়ন, খাদ্যনিরাপত্তা, জ্বালানি প্রবেশাধিকার ও সহনশীলতাকে আলোচনার কেন্দ্রে আনার সুযোগ রয়েছে তাদের সামনে। তবে একই সঙ্গে সব পক্ষের উদ্বেগ ও জাতীয় বাস্তবতা বিবেচনায় রেখে ভারসাম্যপূর্ণ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।


কপ৩২–এ আস্থা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ

২০২৭ সালের ৮ থেকে ১৯ নভেম্বর আদ্দিস আবাবায় কপ৩২ অনুষ্ঠিত হওয়ার কথা। আন্তালিয়া থেকে সম্মেলনটি উত্তরাধিকার হিসেবে পাবে জীবাশ্ম জ্বালানি, অর্থায়ন, প্রশমন, ন্যায়সংগত রূপান্তর এবং প্যারিস চুক্তির বাস্তবায়ন নিয়ে অমীমাংসিত বিরোধ। একই সঙ্গে দ্বিতীয় বৈশ্বিক অগ্রগতি পর্যালোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং বিদ্যমান অঙ্গীকারগুলোকে পরিমাপযোগ্য কার্যক্রমে রূপান্তর করার চ্যালেঞ্জও থাকবে।

পরবর্তী সম্মেলনের ওপর একসঙ্গে সব সমস্যা সমাধানের অবাস্তব প্রত্যাশা চাপিয়ে দেওয়া উচিত হবে না। তবে আন্তর্জাতিক জলবায়ু সহযোগিতা যে এখনো অর্থবহ রাজনৈতিক সিদ্ধান্ত দিতে সক্ষম, তা প্রমাণ করতে হবে। এ জন্য প্রয়োজন ঐকমত্য তৈরিতে সক্ষম সম্মেলন সভাপতি, গঠনমূলক আলোচনায় আগ্রহী দেশগুলোর জোট এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন-সংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর উদ্যোগ।

আন্তালিয়ার শিক্ষা হলো—আস্থা, স্বচ্ছতা এবং প্রশমন, অভিযোজন ও বাস্তবায়নের উপায়গুলোর মধ্যে বিশ্বাসযোগ্য ভারসাম্য ছাড়া উচ্চাকাঙ্ক্ষী কোনো রাজনৈতিক ঘোষণা সফল হতে পারে না। বিশ্ব আরেকটি বিস্তৃত ঘোষণাপত্র চায় না, যেখানে মূল বিরোধগুলো অমীমাংসিত থেকে যাবে। প্রয়োজন এমন একটি সমঝোতা, যা বৈজ্ঞানিক জরুরি প্রায়জন, ন্যায়সংগততা, অর্থায়ন এবং বাস্তবায়নের সঙ্গে যুক্ত করবে।

তাই আন্তালিয়া থেকে আদ্দিস আবাবার যাত্রা শুরু হচ্ছে বনে। ২০২৭ সালের জুনের অধিবেশনে বাস্তবায়নবিষয়ক ও বৈজ্ঞানিক-প্রযুক্তিগত সহায়ক সংস্থাকে মতপার্থক্য কমানো, কার্যকর আলোচ্য খসড়া তৈরি এবং কপ৩২-এ বাস্তবসম্মতভাবে গ্রহণযোগ্য সিদ্ধান্ত চিহ্নিত করার কাজ এগিয়ে নিতে হবে। কারিগরি প্রস্তুতি দুর্বল থাকলে এবং রাজনৈতিক পরামর্শ শুরু হতে দেরি হলে কপ৩১-এ প্রকাশ পাওয়া বিভাজন ইথিওপিয়াতেও ফিরে আসতে পারে।

জাতিসংঘের জলবায়ু প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে শুধু কপ৩২-এ কোনো ঘোষণা গৃহীত হলো কি না, তার ওপর নয়; বরং দেশগুলো নির্গমন কমানো, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং ন্যায়সংগত রূপান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কতটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারল, তার ওপর। আদ্দিস আবাবাকে আন্তালিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবায়নমুখী প্রক্রিয়া গড়ে তুলতে হবে। অন্যথায় জলবায়ুবিজ্ঞানের সতর্কবার্তা এবং আন্তর্জাতিক রাজনৈতিক পদক্ষেপের মধ্যকার ব্যবধান আরও বাড়বে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]