দেশের ৬৪ জেলায় বয়স ও বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, নতুন বিভাগে কথাকলি ও কুচিপুড়ি; জিপিএ-৫ প্রাপ্ত নৃত্যশিল্পীদের সংবর্ধনা দেওয়া হবে
বাংলাদেশের নৃত্যশিল্পের বিকাশ, নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষণ এবং দেশব্যাপী নৃত্যচর্চার প্রসারে ‘নৃত্যজ্যোতি ২০২৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে নৃত্যশিল্পী সংস্থা। দেশব্যাপী বয়স ও বিষয়ভিত্তিক এই জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশের ৬৪টি জেলার প্রতিভাবান নৃত্যশিল্পীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা চৌধুরী বেবী। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজু আহমেদ।
সংবাদ সম্মেলনে দেশের স্বনামধন্য নৃত্যগুরু ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন নীলুফার ওয়াহিদ পাপড়ি, ডা. নিগার সুলতানা, মীনা মোহাম্মদ নজরুল ইসলাম, সুলতানা হায়দার, সোহেল রহমান, এম. আর. ওয়াসেক, অনিক বোস, কস্তুরী মুখার্জী, পারভীন সুলতানা, তাবাসসুম আহমেদ, আকিকুর রহমান উজ্জ্বল ও আরিফ হোসেন শামীম সহ আরও অনেক নৃত্যশিল্পী ও সংস্কৃতিকর্মী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী সংস্থা দীর্ঘদিন ধরে দেশের নৃত্যশিল্পের বিকাশ ও প্রসারে কাজ করে আসছে। ২০০৪ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথ উদ্যোগে দেশব্যাপী বয়স ও বিষয়ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে আসছে সংগঠনটি। প্রতিবছর দেশের ৬৪টি জেলা ও ৮টি বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় সৃজনশীল নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, কথক, ভরতনাট্যম, মণিপুরী ও ওডিশি বিভাগের পাশাপাশি নতুন করে কথাকলি ও কুচিপুড়ি যুক্ত করা হয়েছে। এ ছাড়া দলীয় নৃত্য প্রতিযোগিতাও থাকছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা থেকে প্রতিটি জেলা থেকে সেরা তিনজন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী জনগোষ্ঠীর নৃত্যশিল্পীদের জন্য পৃথক প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব নৃত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘নৃত্যজ্যোতি ২০২৬’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর দিনব্যাপী প্রতিযোগিতা এবং ১৮ ডিসেম্বর সকালে প্রতিযোগিতার কার্যক্রম শেষ হবে। একই দিন বিকেলে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত প্রতিযোগী, বিশিষ্ট নৃত্যগুরু ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।
নৃত্যশিল্পীদের সাংস্কৃতিক চর্চার পাশাপাশি শিক্ষাগত সাফল্যকে উৎসাহিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি। এ বছর থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত নৃত্যশিল্পীদের বিশেষ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানটি আগামী ৬ ডিসেম্বর আয়োজন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকেরা জানান, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের প্রতিভাবান নৃত্যশিল্পীকে জাতীয় পর্যায়ে তুলে আনা, লোকজ ও শাস্ত্রীয় নৃত্যধারার চর্চা সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের শিল্পীদের উপযুক্ত সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তাঁরা আশা প্রকাশ করেন, নৃত্যজ্যোতি ২০২৬ দেশের নৃত্যশিল্পীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং বাংলাদেশের নৃত্যশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলতে সহায়ক হবে।