
কিংবদন্তি সংগীতশিল্পী ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিল্পী বশির আহমেদের স্মৃতি, সংগীতসাধনা ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে ১৮ নভেম্বর বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনের মিলনায়তনে।
সারগাম সাউন্ড স্টেশন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিমা রহমান এমপি সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য , সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হারুন-অর-রশীদসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতশিল্পী, শিল্পী ও গণ্যমান্য অতিথিবৃন্দ।
এ বছর আজীবন সম্মাননায় ভূষিত হন উপমহাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা শবনম এবং উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম ও দিলরুবা খান; গীতিকার মুন্সী ওয়াদুদ; সাংবাদিক রফিকুজ্জামান; বাদ্যযন্ত্রশিল্পী ফিরোজ খান; সৌন্দর্যশিল্পে জরিনা আসগর; দেশীয় শিল্পের রূপকার বিপ্লব সাহা; প্রবাসী বাঙালি হিসেবে ড. খালেদ ভূইয়া; তবলা শিল্পী শাহ মোহাম্মদ হান্নান; সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং কত্থক নৃত্যশিল্পী সাজয় হামাদ।
অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ও সমসাময়িক প্রজন্মের শিল্পীরা বশির আহমেদের কালজয়ী গান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় বশির আহমেদের অমর গানগুলো নতুন করে প্রাণ ফিরে পায় এবং দর্শক-শ্রোতাদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বশির আহমেদের কন্যা হোমায়েরা বশির ও পুত্র রাজা বশির জানান, তাঁদের বাবা বশির আহমেদ ও মা মীনা বশির এর স্মৃতি, সংগীতসাধনা ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং দেশের সংগীতাঙ্গনের গুণীজনদের সম্মানিত করার লক্ষ্যে ২০১৯ সালে ‘বশির আহমেদ সম্মাননা’ অনুষ্ঠানের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে কিংবদন্তি শিল্পীর সংগীতের উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সংগীত ও সংস্কৃতিতে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হচ্ছে।
তাঁরা আরও বলেন, বাবার স্মৃতিকে ধারণ করে এই আয়োজন করা তাঁদের কাছে অত্যন্ত আবেগের, গর্বের ও দায়িত্বের। শিল্পী, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিবর্গ, অতিথি, সহযোগী প্রতিষ্ঠান এবং দর্শক-শ্রোতাদের আন্তরিক অংশগ্রহণে এবারের অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত স্মরণীয়।
অনুষ্ঠানটি আয়োজনে **বাংলাদেশ শিল্পকলা একাডেমি, পথিকের পথ, ইনডালজ,সীমা ,দীপালক, সুরেলি ও স্টাইল বাই **হোমায়েরা সহযোগিতায় ছিল।
সকল সম্মাননাপ্রাপ্ত গুণীজন, অতিথি, শিল্পী, সহযোগী প্রতিষ্ঠান, মিডিয়া পার্টনার এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
বশির আহমেদের গান, সুর ও শিল্পীসত্তা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকুক—এই প্রত্যাশায় ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ নিবেদিত হয়েছে শ্রদ্ধা, ভালোবাসা ও সংগীতের এক অনন্য সন্ধ্যা হিসেবে।
আয়োজনে: সারগাম সাউন্ড স্টেশন
হোমায়রা বশির ও রাজা বশির