প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:২৯ পিএম
(ভিজিট : ১১)
বিশ্বজুড়ে বাংলাভাষী প্রগতিশীল সৃজনশীল সাংবাদিক ও নানা মিডিয়ায় কর্মরত পেশাজীবীদের মেলবন্ধন নিয়ে যাত্রা শুরু করল 'গ্লোবাল মিডিয়া ফোরাম'।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইংরেজি ও বাংলাভাষী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং শিল্প-সংস্কৃতির নানা অঙ্গনের সৃজনশীল মানুষদের এক ছাতার নিচে নিয়ে আসার সুদূরপ্রসারী প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’ (Global Media Forum—GMF)।
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রাজু আলীম কে সভাপতি এবং জার্মানপ্রবাসী সাংবাদিক ফাতেমা রহমান রুমাকে সাধারণ সম্পাদক মনোনীত করে সংগঠনটির ২১ সদস্যবিশিষ্ট প্রাথমিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিক এই কাঠামোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু হলেও খুব শিগগিরই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ১০০ জন প্রতিষ্ঠিত ও সক্রিয় পেশাজীবীকে যুক্ত করে এটিকে একটি সুসংহত বৈশ্বিক নেটওয়ার্কে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রচলিত সাংবাদিকতাভিত্তিক সংগঠনের ধারণাকে ছাপিয়ে গ্লোবাল মিডিয়া ফোরাম নিজেদের গড়ে তুলছে একটি বহুমুখী ও সর্বজনীন মঞ্চ হিসেবে। যেখানে সাংবাদিকদের পাশাপাশি মডেল, অভিনয়শিল্পী, নাট্যব্যক্তিত্ব, উপস্থাপক, চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা, কবি এবং প্রবাসী উদ্যোক্তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ পাবেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে গণমাধ্যম, সংস্কৃতি ও অর্থনীতির মধ্যে একটি কার্যকর যোগসূত্র তৈরি করে মেধা, অভিজ্ঞতা ও আধুনিক দক্ষতার বৈশ্বিক আদান-প্রদান নিশ্চিত করাই এই ফোরামের অন্যতম প্রধান লক্ষ্য।
ইউরোপ, আমেরিকা ও এশিয়াসহ বিশ্বের নানা প্রান্তে প্রতিকূলতা জয় করে প্রতিষ্ঠিত হওয়া প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রাম, সামাজিক অবদান এবং গৌরবময় সাফল্যের গল্পগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যথাযথ মর্যাদায় তুলে ধরবে এই সংগঠন। ফোরামের নীতিনির্ধারকদের মতে, গণমাধ্যম কেবল তথ্য পরিবেশনের বাহক নয়; বরং এটি একটি জাতির স্বকীয়তা, সংস্কৃতি, সৃজনশীল মেধা ও অপার সম্ভাবনাকে বিশ্বমঞ্চে ইতিবাচকভাবে উপস্থাপনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ভৌগোলিক দূরত্বকে অতিক্রম করে পেশাদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং মেধার যথাযথ স্বীকৃতির ওপর ভিত্তি করেই পরিচালিত হবে এই আন্তর্জাতিক উদ্যোগ।
বিশ্বজুড়ে ইতোমধ্যে গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিকর্মীদের মাঝে ব্যাপক সাড়া জাগানো এই প্ল্যাটফর্মের বিস্তার ঘটাতে নতুন সদস্যভুক্তি ও বৈশ্বিক যোগাযোগ কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে বা ফোরামের আন্তর্জাতিক কার্যক্রমে সম্পৃক্ত হতে আগ্রহী ব্যক্তিরা সংগঠনের সভাপতি রাজু আলীম এর সঙ্গে ০১৭১৩-০০৯১৫৪ ও ০১৭১১-৬২৭৪৯৩ নম্বর কিংবা [email protected] ইমেইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়া ইউরোপসহ আন্তর্জাতিক সমন্বয়ের জন্য সাধারণ সম্পাদক ফাতেমা রহমান রুমার সঙ্গে জার্মান নম্বর +৪৯ ১৭০ ১২৯৬২৯৬ অথবা [email protected] ইমেইলে সংযোগ স্থাপনের জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।