বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম  (ভিজিট : ০)
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা জোরদার এবং বিমান চলাচল খাতের নিরাপত্তা ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) ৭ম এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কারিগরি সক্ষমতা এবং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় উঠে আসে।

আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মন্ত্রী বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠার জন্য বিমান চলাচল খাতের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে আইসিএওর সহযোগিতা চান। বিশেষ করে আইসিএওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম জোরদার এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী বলেন, এভিয়েশন খাতের টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি জরুরি। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিমান চলাচল সংশ্লিষ্ট শিক্ষা, বিশেষায়িত একাডেমিক কার্যক্রম ও পেশাগত প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

আইকাওয়ের কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেন। বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনায় বেসামরিক বিমান চলাচল ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

১৩ বছরেরও বেশি সময় পর এ ধরনের বৈশ্বিক এয়ার ট্রান্সপোর্ট সম্মেলন আয়োজন করায় আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান বিমানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন বাজার এবং এ খাতের উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগেরও প্রশংসা করেন আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট। পরে তাকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান মন্ত্রী।

অন্যদিকে, থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচ এবং থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে কারিগরি সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রী সরকারি পর্যায়ে (জিটুজি) থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের সহযোগিতায় বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুরোধ জানান। এ সহযোগিতা বিমান চলাচলের নিরাপত্তা, নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং বাংলাদেশের কারিগরি সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

মন্ট্রিল সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আইসিএওসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সঙ্গে সহযোগিতা আরো বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এসব উদ্যোগ বাংলাদেশের বিমান চলাচল খাতকে আরো আধুনিক ও প্রতিযোগিতামূলক করার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় একটি সম্ভাবনাময় আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে দেশের অবস্থান শক্তিশালী করতে সহায়ক হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]