প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৪০ পিএম
(ভিজিট : ৬)

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ পরিস্থিতি মোকাবিলায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে চান। গভীর উদ্বেগের সঙ্গে তিনি লক্ষ্য করেছেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার উদ্দেশ্যে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তিকে প্রতিহত করতে হবে। একই সঙ্গে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে তাঁদের প্রতি আহ্বান জানান স্পিকার।
সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রশংসা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাঁদের উদ্দীপনামূলক বক্তব্যে দেশের নাগরিকেরা অনুপ্রাণিত হয়েছেন। অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ এবং সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পিকার। এ ছাড়া ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন স্পিকার।