প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
(ভিজিট : ৯)

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসতে সম্মতি জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। তিনি আগামী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
বুধবার কলম্বোর প্রেসিডেন্ট সচিবালয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, তাঁদের রেখে যাওয়া সেই সম্পর্কের ভিত্তিকে আরও এগিয়ে নিতে এবং দুই দেশের সম্পর্ক গভীর করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।
হুমায়ুন কবির শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন। এ সময় তিনি বাংলাদেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তিনি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ উদ্যোগের বিষয়েও উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।