বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


উপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম  (ভিজিট : ৬)
ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাঁর মতে, নির্বাচনী কার্যক্রম শুরু হলে সাধারণ মানুষ ভোটকেন্দ্রিক কর্মকাণ্ডে যুক্ত হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হবে এবং সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশন সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু ভোট আয়োজন করতে চায়। ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলে সবাই নির্বাচনী কার্যক্রমে যুক্ত হবেন এবং মানুষ ভোটমুখী হবে। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের সহযোগিতা চাওয়া হবে। সম্মিলিত প্রচেষ্টা থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব বলে তিনি মনে করেন।

এর আগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় দুর্নীতি ও হয়রানির অভিযোগ বন্ধের ওপর গুরুত্ব দেন সিইসি। তিনি বলেন, প্রতিদিন তাঁর দপ্তরে স্বাক্ষরের জন্য আসা আবেদনগুলোর মধ্যে অন্তত ছয় থেকে সাতটি এনআইডি-সংক্রান্ত থাকে। এসব আবেদনের কোনোটি ছয় মাস, কোনোটি ১০ মাস, আবার কোনোটি কয়েক বছর আগে করা হলেও আবেদনকারীরা সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি তাঁকে বিব্রত করে। গণমাধ্যমে এনআইডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানির খবর প্রকাশিত হলেও তিনি অস্বস্তি বোধ করেন বলে জানান।

এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সিইসি বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত কোনো সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি বা দুর্নীতির মুখোমুখি হতে হবে না। এ ক্ষেত্রে কর্মশালায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও পরামর্শও চান তিনি।

আবেদন গ্রহণের পর নাগরিকদের দ্রুত অবহিত করার ওপর গুরুত্ব দিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তার মাধ্যমে জানাতে হবে যে আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানানো উচিত।

তিনি বলেন, আবেদন জমা দেওয়ার পর একজন নাগরিক ছয় মাস ধরে কোনো উত্তর পাবেন না কিংবা তাঁর আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা জানতে পারবেন না—এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। প্রতিটি আবেদনের বিপরীতে একটি স্মারক বা ক্রমিক নম্বর দেওয়া যেতে পারে। এতে আবেদনকারী পরবর্তী সময়ে যোগাযোগ করে নিজের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

এনআইডি-সংক্রান্ত জটিলতায় এক প্রতিষ্ঠানের ওপর অন্য প্রতিষ্ঠানের দায় চাপানোর প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিইসি। তিনি বলেন, কারও জন্মনিবন্ধনে সমস্যা, কারও শিক্ষাগত সনদে অসংগতি—এ ধরনের বিভিন্ন বিষয় সামনে এনে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু এভাবে একে অন্যের ওপর দায় চাপিয়ে নাগরিকদের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। সেবার ক্ষেত্রে এ ধরনের প্রবণতা বন্ধ করে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সাধারণ মানুষের প্রযুক্তিগত সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে এনআইডি সেবা সহজ করার পরামর্শ দেন তিনি। বিশেষ করে গ্রামের বয়স্ক নাগরিকদের অনেকের পক্ষে অনলাইনে আবেদন করা কিংবা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা কঠিন। তাই শুধু অনলাইনভিত্তিক সেবার ওপর নির্ভর না করে তাঁদের জন্য সহজ ও বিকল্প ব্যবস্থা রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

এ ক্ষেত্রে নাগরিকদের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন সিইসি। আবেদন করার সময় কী ধরনের তথ্য ও কাগজপত্র প্রয়োজন, কীভাবে আবেদন করতে হবে—এসব বিষয়ে নিয়মিত প্রচার চালানোর পরামর্শ দেন তিনি। তাঁর মতে, সঠিক তথ্য দিয়ে আবেদন করার বিষয়ে নাগরিকদের সচেতন করা গেলে সেবা গ্রহণের জটিলতা অনেকটাই কমানো সম্ভব।

জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, এটি শুধু একটি সাধারণ কার্ড নয়, বরং একজন নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে পরিবারের সদস্যরা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন—এমন আশঙ্কায় অনেক পরিবার মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের বাস্তবতা বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান খুঁজতে হবে।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প উপায়ে নাগরিকদের কাছে পরিচয়পত্র পৌঁছে দেওয়ার বিষয়েও পরামর্শ চান তিনি। সিইসি বলেন, সবাইকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব না-ও হতে পারে। তবে শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিলেই দায়িত্ব শেষ হবে না। গ্রামের অনেক মানুষ ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে জানেন না। তাঁদের কাছে প্রয়োজনীয় কার্ড বা নথি কীভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে ভাবতে হবে।

এনআইডি সেবা প্রদানে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমারেখা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের যথার্থতার দায় নির্বাচন কমিশনের পক্ষে নেওয়া সম্ভব নয়। তবে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে। এতে নাগরিকদের অপ্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও হয়রানির শিকার হওয়া কমবে।

সিইসি বলেন, নাগরিকদের সেবা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। এনআইডি-সংক্রান্ত কাজে হয়রানি থাকবে না এবং কাউকে দুর্নীতির আশ্রয় নিতে হবে না—এমন পরিবেশ গড়ে তুলতে চান তাঁরা। এ জন্য সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে কার্যকর সমাধান বের করার ওপর গুরুত্ব দেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]