সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


সিটি অর্চার্ড ক্লাবের বিরুদ্ধে অনৈতিক সমঝোতা প্রস্তাবের অভিযোগ
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম  (ভিজিট : ২৭)
রাজধানীর উত্তরার সিটি অর্চার্ড চিত্তবিনোদন ক্লাবের বিরুদ্ধে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়েরের পর এক গ্রাহককে হুমকি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ব্যক্তিগত চরিত্র ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গত ৩১ অক্টোবর ক্লাবটির সেবাসংক্রান্ত অনিয়ম ও ভোক্তা-স্বার্থবিরোধী কার্যক্রমের বিষয়ে অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ক্লাবের আসিফ নামের এক ব্যক্তি ও ম্যানেজার সারোয়ার তাঁকে অফিসকক্ষে যেতে বলেন। তাঁর দাবি, যেতে অস্বীকৃতি জানালেও একপর্যায়ে তাঁকে সেখানে নেওয়া হয়।

আসাদুজ্জামানের অভিযোগ, অফিসকক্ষে পূর্বের অভিযোগ ও মামলা নিয়ে আলোচনার একপর্যায়ে তাঁকে অনৈতিক সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় আসিফ তাঁর সঙ্গে অসদাচরণ করেন এবং ভবিষ্যতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হুমকি দেন।

তিনি আরও অভিযোগ করেন, অফিসকক্ষ থেকে নিজের টেবিলে ফেরার পর ক্লাবে আগত কয়েকজন নারীকে কেন্দ্র করে তাঁর ব্যক্তিগত চরিত্র ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ক্লাব ত্যাগ করেন।

ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ১২ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাবের প্রবেশপথ, সংশ্লিষ্ট অফিসকক্ষ ও তাঁর বসার স্থানের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও পরীক্ষা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযোগ দায়েরের অধিকার রয়েছে ভোক্তার। অভিযোগের কারণে হুমকি বা চাপ প্রয়োগের ঘটনা সত্য হলে তা তদন্তের দাবি রাখে। এ ক্ষেত্রে দণ্ডবিধির ৫০৩ ও ৫০৬ ধারার প্রাসঙ্গিকতাও তদন্তসাপেক্ষে বিবেচ্য হতে পারে।

তবে এসব অভিযোগের বিষয়ে সিটি অর্চার্ড ক্লাব কর্তৃপক্ষ, ম্যানেজার সারোয়ার ও আসিফের বক্তব্য পাওয়া যায়নি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]