প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম
(ভিজিট : ৩৫)
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও কৃষিজমির মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান গণিসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত কিশোর গ্যাং, ভূমিদস্যু জমির উদ্দীন ও চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে উপজেলার চরম্বা বিবিবিলা বৌদ্ধ মন্দির এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের আহ্বায়ক কাউছার হামিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জানে আলম, ফৌজুল কবির, ইউপি সদস্য ওসমান গনি, ব্যবসায়ী মোস্তফা কামাল, নুর মোহাম্মদ, হাফেজ গোলাম মোস্তফা, মোহাম্মদ আলম ও প্রবাসী এরশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এতে বিবিবিলা এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চরম্বা বিবিবিলা এলাকায় অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধ করতে হবে। পাশাপাশি কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) কাটা অবিলম্বে বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
গত ১০ নভেম্বর কৃষিজমির মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান গণিসহ গ্রামবাসীর ওপর হামলার ঘটনায় জড়িত ইয়াবা কারবারি হিসেবে অভিযুক্ত জমিরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাতে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে অবৈধ ইটভাটা ও কৃষিজমির মাটি কাটার প্রতিবাদ করায় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ওসমান গণিসহ চার গ্রামবাসীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।