মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


দক্ষিণ কোরিয়ায় এনসিপি নেতাদের সংবর্ধনা, ক্ষমতায় আসলে প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এএম  (ভিজিট : ৩৩)
দক্ষিণ কোরিয়ার গিম্পো শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতাদের সংবর্ধনা ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) গিম্পো সিটিজেন হলের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৩০০ জন প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় প্রবাসীদের অবদান এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
বক্তারা বলেন, আগামীতে এনসিপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, প্রবাসীদের যথাযথ সম্মান ও নাগরিক অধিকার নিশ্চিত করা এবং দেশের স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি জোরালোভাবে কাজ করছে।

নাসীরুদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ বিভিন্ন সময় তাদের নানা ধরনের হয়রানি ও সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা।

এ সময় দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এনসিপি নেতারা। তারা বলেন, অতীতে গণঅভ্যুত্থানের আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে দেশের পরিবর্তনে ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও দেশের স্বার্থে প্রবাসীরা এনসিপিসহ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির পাশে থাকবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আগামী ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হয়। বক্তারা নিজেদের রাজনৈতিক পরিকল্পনা ও নগর উন্নয়নের ভাবনা তুলে ধরে প্রবাসীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি দেশে থাকা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে তাদের পক্ষে সমর্থন ও ভোট চাওয়ার আহ্বান জানান।

তারা বলেন, ঢাকার মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পেলে রাজধানীর সার্বিক পরিস্থিতি, নাগরিক সেবা, যানজট, পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় উন্নত বিশ্বের আধুনিক শহরগুলোর আদলে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী প্রবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় প্রবাসীরাও তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানটি আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির কোরিয়া শাখার সভাপতি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার মনির পাটোয়ারী।
প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]