সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


কেরালা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম  (ভিজিট : ১৫)
ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। এ বছর ১০টি দেশের নির্বাচিত ১৪টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটি।

খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে উৎসবটি।
এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা বিভাগ দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন হিসেবে পরিচিত। এতে নির্বাচিত সিনেমাগুলো উৎসবের সর্বোচ্চ সম্মাননা ‘সুবর্ণ চকোরম’ ও ‘রজত চকোরম’-সহ বিভিন্ন পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে ‘বনলতা সেন’।

উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য রয়েছে ‘সুবর্ণ চকোরম’ পুরস্কার ও ২০ লাখ ভারতীয় রুপি। এই অর্থ সিনেমাটির প্রযোজক ও পরিচালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ ছাড়া সেরা পরিচালক পাবেন ‘রজত চকোরম’ ও চার লাখ রুপি।

সেরা নবাগত পরিচালক পাবেন তিন লাখ রুপি। অন্যদিকে উৎসবের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত দর্শকপ্রিয় চলচ্চিত্রের পরিচালক পাবেন দুই লাখ রুপি ও ‘রজত চকোরম’।

এবারের প্রতিযোগিতায় ‘বনলতা সেন’-কে লড়তে হবে বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত নির্মাতাদের সিনেমার সঙ্গে। তালিকায় রয়েছে ভারতীয় কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’, ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কারজয়ী ব্রাজিলীয় নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’ এবং মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’। এ ছাড়া বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানি সিনেমা ‘স্ল্যাম্বার’ও রয়েছে প্রতিযোগিতায়।

কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনবোধ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির প্রযোজক মাসুদ হাসান উজ্জ্বল। সহ-প্রযোজনা করেছেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন। এতে বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের ভূমিকায় রয়েছেন খায়রুল বাসার। এ ছাড়া অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

এবারের ৩১তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘বনলতা সেন’ ছাড়াও ভারতের ‘পদযাত্রা’, ‘মেম্বার্স অব দ্য প্রবলেমেটিক ফ্যামিলি’, ‘সেল্ভি’ ও ‘দ্য সোল হুইস্পারার’; ব্রাজিলের ‘গুগুস ওয়ার্ল্ড’; ফিলিপাইনের ‘সাইলেন্সড নাইটস’; মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ ও ‘দ্য সাইলেন্ট ভার্জিন’; চীনের ‘এম্বার্স’; ইরানের ‘স্ল্যাম্বার’ ও ‘পিপলস চাইল্ড’; উজবেকিস্তান ও কাজাখস্তানের যৌথ প্রযোজনার ‘উরোবোরোস’ এবং উরুগুয়ের ‘সুইট ভায়োলেন্স’ প্রতিদ্বন্দ্বিতা করবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]