প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম
(ভিজিট : ১৬)

বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও অভিনয়দক্ষতার স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বরেণ্য অভিনেত্রী শবনম। প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের নামে প্রবর্তিত ‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হবে।
বাংলাদেশের সংগীতাঙ্গনে বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ২০১৯ সালে এ সম্মাননা চালু করা হয়। তাঁর দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং সারগাম সাউন্ড সিস্টেমের আয়োজনে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর এই সম্মাননা দেওয়া হয়। মাঝে তিন বছরের বিরতির পর এবার আবারও আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটি।
আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মদিন উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠানটি শুরু হবে।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে অভিনেত্রী শবনম বলেন, তাঁর অভিনীত বেশ কয়েকটি সিনেমায় বশির আহমেদ গান গেয়েছেন। গানগুলো জনপ্রিয়তাও পেয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশে তাঁর সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। বশির আহমেদের নামে প্রবর্তিত সম্মাননা পেতে যাচ্ছেন ভেবে তিনি আনন্দিত।
শবনমকে আজীবন সম্মাননা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হোমায়রা বশির ও রাজা বশির। তাঁরা বলেন, শবনম বাংলাদেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। বশির আহমেদকে ছাড়া যেমন দেশের সংগীতের ইতিহাস কল্পনা করা যায় না, তেমনি শবনমকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। তাঁর হাতে বাবার নামে প্রবর্তিত সম্মাননা তুলে দিতে পেরে তাঁরা আনন্দিত ও কৃতজ্ঞ।
আয়োজনটি সফল করতে সবার আন্তরিক সহযোগিতার কথাও উল্লেখ করেন তাঁরা।
উল্লেখ্য, বশির আহমেদ তাঁর কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তাঁর গাওয়া ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রিয়তমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’ ও ‘সজনীগো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’ গানগুলো এখনো শ্রোতাদের কাছে সমাদৃত।