শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম  (ভিজিট : ১৭)
তুরস্কের আলোচিত অতিপ্রাকৃত হরর সিনেমা ‘সয়’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী ১৩ নভেম্বর থেকে সিনেমাটি দেশের দর্শকদের জন্য প্রদর্শন করবে স্টার সিনেপ্লেক্স।

তুর্কি টিভি সিরিজের পাশাপাশি দেশটির সিনেমাও আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তা পাচ্ছে। নিজস্ব ঐতিহ্য, আধুনিক নির্মাণশৈলী ও শক্তিশালী গল্প বলার কৌশলের কারণে তুর্কি চলচ্চিত্রের আলাদা পরিচিতি তৈরি হয়েছে। সমাজ, সংস্কৃতি, পারিবারিক সম্পর্ক ও প্রেমের গল্পের পাশাপাশি সাম্প্রতিক সময়ে হরর সিনেমা নির্মাণেও দর্শকদের আকৃষ্ট করছে তুরস্ক। সেই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘সয়’।

ম্যাক্সিম আলেকজান্দ্রে পরিচালিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় প্রাসাদকে ঘিরে।

সিনেমার গল্পের শুরু প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান। কিন্তু সেটি পাওয়ার মধ্য দিয়ে অজান্তেই তিনি ভয়ংকর এক অভিশাপের মুখোমুখি হন। এর পরিণতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে বাধ্য হন তিনি।

বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তাঁর নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। ক্যান তার প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে পরিবারের পুরোনো প্রাসাদে পৌঁছালে শুরু হয় ভয়ংকর সব ঘটনা। ঘন কুয়াশায় প্রাসাদটি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে সামনে আসতে থাকে পরিবারের অতীতের অন্ধকার ইতিহাস এবং প্রাচীন মিসরের অভিশাপের রহস্য।

একটি অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে জেগে ওঠে অশুভ শক্তি। বন্ধুদের মধ্যে অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা এবং একের পর এক অতিপ্রাকৃত আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। শেষ পর্যন্ত বাসাককে এমন একটি সিদ্ধান্ত নিতে হয়, যার ওপর নির্ভর করে পুরো পরিবারের ভবিষ্যৎ।

সিনেমাটিতে প্রাচীন মিসরের রহস্যময় অভিশাপের সঙ্গে আধুনিক তুর্কি গল্পের সমন্বয় ঘটানো হয়েছে। বিচ্ছিন্ন প্রাসাদ, পারিবারিক গোপন ইতিহাস, অতীতের পাপ ও বংশপরম্পরায় বয়ে চলা অশুভ শক্তিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভৌতিক পরিবেশ। বিশেষ করে প্রচলিত জিননির্ভর তুর্কি হরর গল্পের বাইরে গিয়ে প্রাচীন মিসরীয় অভিশাপ ও পারিবারিক রহস্যকে গুরুত্ব দেওয়ায় সিনেমাটি ভিন্ন মাত্রা পেয়েছে।

হরর ঘরানার দর্শকদের জন্য ‘সয়’ হতে পারে আগ্রহের একটি সিনেমা। ১৩ নভেম্বর থেকে দেশের স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় এটি দেখা যাবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]