শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


রোকযানা’ গানের শিল্পী সাহেদ আর নেই
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম  (ভিজিট : ১৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। কিডনির জটিলতা, স্ট্রোক, ডেঙ্গু ও একাধিক সংক্রমণে ক্রমেই খারাপ হচ্ছিল শারীরিক অবস্থা। বৃহস্পতিবার নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। শেষ পর্যন্ত আর ফেরা হলো না সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

সাহেদের মৃত্যুর খবর গণমাধ্যমকে শ্চিত করেছেন তার বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।

একাধিক জটিলতায় ভুগছিলেন

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাকে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের মাত্রা কমে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃদু স্ট্রোক হয় তার। এরপর স্বাভাবিকভাবে কথা বলতেও সমস্যা হচ্ছিল। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ রুবাইয়াত রহমান তার এক লেখায় জানান, কিডনির অসুস্থতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছিলেন এই শিল্পী। সর্বশেষ অস্বাভাবিক রক্তক্ষরণ তার পরিস্থিতি আরো জটিল করে তোলে। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

অপূর্ণ থেকে গেল নতুন গানের আয়োজন

অসুস্থতার মধ্যেও নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। প্রায় ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান শ্রোতাদের সামনে আনার পরিকল্পনা ছিল তার। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহের জন্য সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড বের করারও উদ্যোগ নিয়েছিলেন। প্রতিটি মাধ্যমে চারটি করে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা ছিল।

এ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।

এরশাদুল হক জানিয়েছিলেন, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল সাহেদের। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নতুন গান প্রকাশ ও সুস্থ হয়ে আবার সংগীতে ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন তিনি।

‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সাহেদ

শেখ সাহেদ আলী নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছিলেন। তিনি ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত ছিলেন। তার গাওয়া ‘রোকযানা’ গানটি শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পায়। এ ছাড়া তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে নিজের গান ও স্বতন্ত্র পরিবেশনার মধ্য দিয়ে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই শিল্পী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]