শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সিউলে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, অনুষ্ঠিত আলোচনা সভা
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০২ পিএম  (ভিজিট : ৩৬)
বাংলাদেশের জাতীয় ইতিহাসে তাৎপর্যপূর্ণ ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল, এনডিসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এছাড়া দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে জাতীয় স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি ও দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যান্য অতিথিরাও তাঁদের বক্তব্যে জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি থেকে শিক্ষা গ্রহণ করে গণতন্ত্র, জাতীয় সংহতি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল, এনডিসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জাতীয় জীবনে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখার পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভাটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]