প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
বিশেষ করে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং এ খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হুমায়ুন কবীর। তিনি জানান, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনেই তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইস্তাম্বুলে যাত্রাবিরতির সময় তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।
হুমায়ুন কবীরের ভাষ্য অনুযায়ী, এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি জ্বালানি খাতে অংশীদারত্ব, বিমান চলাচল খাতে বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার দেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ খাতে তুরস্কের বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়টি এখনো প্রাথমিক আলোচনা ও অনুসন্ধানের পর্যায়ে রয়েছে।
জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে হুমায়ুন কবীর বলেন, গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং এসব ক্ষেত্রে তুরস্কের অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে। এসব খাতে তুরস্কের সঙ্গে শক্তিশালী বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ আগ্রহী।
রোহিঙ্গা সংকটও বৈঠকের আলোচনায় স্থান পায়। প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে দুই নেতা মতবিনিময় করেছেন। বিশেষ করে চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর যৌথ উদ্যোগ কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেছে। পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, এ ক্ষেত্রে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা তৈরি এবং জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার দাবিতেও বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে। কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক সংলাপ ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নিয়ে জলবায়ু অভিযোজন, অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশের অবস্থান তুলে ধরবেন বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের মধ্যে নির্বাচিত কয়েকজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের প্রেসিডেন্ট। এর মধ্যে তারেক রহমানের সঙ্গে বৈঠক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তুরস্কের আগ্রহের প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।
হুমায়ুন কবীর আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, বুধবার প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেসসচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।