বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা না বাড়ায়: খলিলুর রহমান
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম  (ভিজিট : ৬)
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থায়ন যেন ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়, সে বিষয়ে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। তিনি বলেছেন, জলবায়ু মোকাবিলার অর্থায়ন সবচেয়ে বেশি প্রয়োজন এমন দেশগুলোর কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে কমনওয়েলথ সেক্রেটারিয়েট আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছোট দ্বীপরাষ্ট্র ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশের জন্য জলবায়ু অর্থায়নের কার্যকর কাঠামো গড়ে তোলার বিষয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খলিলুর রহমান বলেন, জলবায়ু অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন পূরণ করা। তবে এ অর্থায়ন এমন শর্তে দেওয়া উচিত নয়, যাতে সংশ্লিষ্ট দেশগুলোর ঋণের চাপ আরও বেড়ে যায়।

এ লক্ষ্য অর্জনে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। প্রথমত, ছোট দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়নকে অগ্রাধিকার দিতে হবে। দ্বিতীয়ত, অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রের সংখ্যা কমানো এবং অনুমোদনের সময়সীমা কমিয়ে আনার ওপর জোর দেন তিনি। তৃতীয়ত, জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে, যাতে দেশগুলো নিজেদের উন্নয়ন পরিকল্পনাকে অর্থায়নযোগ্য প্রকল্পে রূপ দিতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সহজ শর্তে জলবায়ু অর্থায়ন পাওয়ার যোগ্যতা নির্ধারণে শুধু জাতীয় আয়ের পরিমাণ বিবেচনা করা যথেষ্ট নয়। বরং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষতির মাত্রাকে বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়নের সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এতে অর্থায়নের কার্যকারিতা বাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হবে।

খলিলুর রহমান জানান, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৭ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক (এসডিজি) শীর্ষ সম্মেলন পর্যন্ত এসব অগ্রাধিকার এগিয়ে নেওয়ার কাজ করবে।

ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়ে জলবায়ু অর্থায়নকে আরও সহজলভ্য ও কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে এখন থেকেই সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]