প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:১১ পিএম
(ভিজিট : ৫)

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলের প্রায় ৫০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া ও সাভারের হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে শ্রমিকেরা স্বাভাবিক নিয়মে কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। এ সময় তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করেন এবং আশপাশের কারখানাগুলোও বন্ধ রাখার দাবি জানান।
বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে সড়কে কিছু সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিস্থিতির কারণে ৪০ থেকে ৫০টি কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেছে। তবে অন্যান্য কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শিল্পকারখানায় এভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মালিকপক্ষের প্রতিনিধিরা। শিল্পসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অনেক শ্রমিক কাজে থাকতে চাইলেও নিরাপত্তার কথা বিবেচনা করে অধিকাংশ কারখানা বন্ধ রাখতে হয়েছে। তাঁর মতে, অল্প কয়েকটি কারখানায় শুরু হওয়া অস্থিরতার প্রভাব ছড়িয়ে পড়ায় পুরো শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।