বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানিতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-তুরস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম  (ভিজিট : ১৭)
প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও তুরস্ক। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়াতেও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিট শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। প্রতিরক্ষা খাতে সহযোগিতার পরিধি বাড়ানো, যৌথ বিনিয়োগের সুযোগ তৈরি, বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি খাতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে তাঁর আগের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। ওই বৈঠকের পর দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। এ খাতে বিদ্যমান সহযোগিতার পরিধি বাড়ানোর পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে পারে বলে আলোচনায় উঠে আসে।

এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে দুই নেতা আলোচনা করেন।

নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা গেলে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতের উন্নয়নে পারস্পরিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মত দেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। এ সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সংহতি এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখায় কৃতজ্ঞতা জানান তিনি।

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সমর্থন ও সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। জলবায়ু ঝুঁকি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে বাংলাদেশ ও তুরস্কের যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের যোগাযোগ আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]