শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


হাসানের ছয় উইকেটে ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম  (ভিজিট : ৯)
সিলেট টেস্টে পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের মাটিতে এক ইনিংসে ছয় উইকেট শিকার করেছেন তিনি। তবে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছাড়াতে স্বাগতিকদের করতে হবে আরও ৩৫৭ রান।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম সেশনেই চার উইকেট হারায় ক্যারিবীয়রা। আগের দিনের ২৩৫ রান নিয়ে ব্যাট করতে নামা সফরকারীদের পক্ষে অপরাজিত ছিলেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস। তাঁদের ব্যাটে বড় সংগ্রহের আশা দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন তাসকিন আহমেদ দুটি উইকেট নিলেও দ্বিতীয় দিনে বল হাতে আলো ছড়ান হাসান মাহমুদ। এক প্রান্ত থেকে দুর্দান্ত বোলিং করে একে একে ছয় ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ১৩৩ রান করেন আমির জাঙ্গু। এ ছাড়া জাস্টিন গ্রিভস করেন ৫১ রান। ইনিংসের শেষ দিকে জোমেল ওয়ারিকান অপরাজিত ২৭ রানের কার্যকরী ইনিংস খেলেন। শেষ উইকেটে জেইডেন সিলসকে ফিরিয়ে ৩৩ রানের জুটি ভাঙেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। তাতেই ৩৫৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। জেইডেন সিলসের বলে ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ৫ রান করে ফেরেন নাঈম হাসান। এরপর জাস্টিন গ্রিভসের শিকার হন ১৬ রান করা তানজিদ হাসান তামিম। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এদিকে দিনের শুরুতে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। প্রচণ্ড ব্যথায় তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। পরে হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে। তাঁর ব্যাটিংয়ে নামা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]