প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পিএম
(ভিজিট : ৪)
মিরপুর টেস্টে আজ তৃতীয় দিনের শুরুতেই ফিফটি ছুঁয়েছিলেন তেজনারায়ণ চন্দরপল। তাকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন শরীফুল ইসলাম।
চন্দরপলের পর ফিফটির পথে এগোচ্ছিলেন জাস্টিন গ্রিভসও। তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজের ৫১ রানের জুটিটা বাংলাদেশের জন্য যন্ত্রণার কারণ হয়ে উঠছিল।
তবে সেটি হতে দিলেন না নাঈম হাসান। গ্রিভসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে মধ্যাহ্ন বিরতির আগ মুহূর্তে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন নাঈম।
গ্রিভস আউট হলেন ৪৬ রান করে।
৭৪.৫ ওভারে ৬ উইকেটে ২১৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে তারা বাংলাদেশের চেয়ে এখনো ৫৯ রানে পিছিয়ে। গ্রিভসের আউট হওয়া বলটাই বিরতির আগে শেষ বল ছিল।
নাঈম আরেকটি উইকেট পেতে পারতেন। কিন্তু শর্ট লেগে চেজের দেওয়া সহজ ক্যাচ মিস করেন মুমিনুল হক।
চেজ অপরাজিত আছেন ৩০ রানে। তাকে সঙ্গ দিতে নামবেন নতুন ব্যাটার।
বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বাকি ৪ উইকেট দ্রুত তুলে নিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড নিতে পারে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।