প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:০৩ পিএম
(ভিজিট : ৫)
দিনের শুরুটা সাদমান ইসলামের হাসিতে হলেও ছিল না বাংলাদেশের। পরে ব্যাটিংধসে ২৭২ রানে আটকে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।
অথচ ৩ উইকেটে ২১৩ রান নিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ৫৯ রান তুলতেই বাকি ৭ উইকেট শেষ স্বাগতিকদের। প্রথম সেশনেই অলআউট বাংলাদেশ। তাতে আরেকটি ব্যাটিংধসের সাক্ষী হলেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।
গতকালের ১০ রান নিয়ে দিন শুরু করতে নামা লিটন আজ সতীর্থদের আসা-যাওয়া দেখলেন অন্য প্রান্ত থেকে। শুরুটা হয় সেঞ্চুরিয়ান সাদমানের আউটের মধ্যে দিয়ে। দিনের দ্বিতীয় বলে স্বপ্নের তিন অঙ্ক স্পর্শ করার পর ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি ওপেনার। ১১ চারে ব্যক্তিগত ১০৫ রানে জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হন তিনি।
সাদমানের বিদায়ের পর অন্যরা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেছেন গত দিন পেশিতে টান পাওয়া তাওহিদ হৃদয়। লিটন অপরাজিত থাকেন ৩৪ রানে। বাংলাদেশকে অল্পতে আটকাতে ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জোমেল ওয়ারিক্যান।
বাঁহাতি স্পিনার টেস্টে ক্যারিয়ার চতুর্থবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।
ওয়ারিক্যান রান খরচ করেছেন ৫৩। বিপরীতে ২টি করে উইকেট নিয়েছেন বিশপ ও শামার জোসেফ।