প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:২৪ পিএম
(ভিজিট : ৮)

টেস্ট ক্যারিয়ারে ১৩ সেঞ্চুরি হাঁকিয়েছেন মমিনুল হক। মুশফিকুর রহিমের (১৪) পর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তবে সর্বশেষ সেঞ্চুরিটি এসেছে ২ বছর আগে কানপুর টেস্টে।
সেই সেঞ্চুরির পর খেলেছেন ৩১ ইনিংস। অনেকবারই তিন অঙ্কের খুব কাছাকাছি গিয়েছেন মমিনুল। তবে তিন অঙ্ক স্পর্শ করা হয়নি। দারুণ শুরুর পর প্রতিবারই খেই হারিয়েছেন তিনি।
আজও মিরপুর টেস্টে একই কাজ করলেন মমিনুল। দারুণ শুরু করার পর অহেতুক এক শটে ড্রেসিংরুমে ফিরলেন তিনি। জোমেল ওয়ারিক্যানের বল ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে মিড অফে শামার জোসেফকে ক্যাচ দিয়ে বসলেন বাঁহাতি ব্যাটার। তাতে সাদমান ইসলামের সঙ্গে করা ৫৯ রানের জুটি যায় ভেঙে।
আর মমিনুলের ইনিংস থামে ২৮ রানে। ড্রেসিংরুমে ফেরার আগে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের কীর্তি গড়েছেন তিনি। মমিনুল এমন অবিবেচক শট না নিলে দিনের প্রথম সেশনটা আরো দারুণ হতে পারত বাংলাদেশের। তার বিদায়ের পর দলের হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম।
দুজনে মিলে ২৮ রানের জুটি গড়েছেন। তাতে লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ৯৬ রান। অধিনায়ক শান্তর ১৫ রানের বিপরীতে ৪২ রানে অপরাজিত আছেন বাঁহাতি ওপেনার সাদমান।
এর আগে দিনের শুরুটা হয়েছে ধাক্কায়। দলীয় ৯ রানে তানজিদ হাসান তামিমের বিদায়ে। জেইডন সিলসের বলে ব্যক্তিগত ৭ রানে উইকেটরক্ষক জাস্টিন গ্রিভসকে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। তারও আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিক।