প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৫৩ পিএম
(ভিজিট : ৫)
বিসিবির নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফির প্রথম আসর মাঠে গড়াচ্ছে আগামী ডিসেম্বরে। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হচ্ছে খেলোয়াড়দের নিলাম। পাঁচটি ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন দেশের ২৮১ ক্রিকেটার।
তবে প্রচলিত নিলামের মতো এখানে অর্থের বিনিময়ে ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ নেই। ডি থ্রি ট্রফিতে খেলোয়াড় বাছাইয়ের লড়াই হচ্ছে পয়েন্টের মাধ্যমে।
নিলামের প্রথম ডাকেই ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দল পেয়েছেন শেখ মেহেদী হাসান। তাকে দলে নিতে শেষ পর্যন্ত জয় পেয়েছে এইস ব্লুস্টার।
ওপেনার সৌম্য সরকারকে দলে নিতে লড়াই করেছে ওয়ালটন ও ফরচুন। শেষ পর্যন্ত ৭৫ লাখ পয়েন্টে বাঁহাতি এই ওপেনারকে দলে নিয়েছে ফরচুন।
ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে রিশাদ হোসেন খেলতে পারবেন না। ওই সময়ে বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন তিনি। তবে নিলামে দল পেয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। ৬০ লাখ পয়েন্টে রিশাদকে দলে নিয়েছে ফরচুন।
নাজমুল হোসেন শান্তকেও দলে ভিড়িয়েছে ফরচুন। তার জন্য ১ কোটি ৬০ লাখ পয়েন্ট খরচ করেছে দলটি।
এদিকে বিগ ব্যাশে খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ফলে ডি থ্রি ট্রফির নিলামে তার প্রতি আগ্রহ কিছুটা কম ছিল। শেষ পর্যন্ত ৭০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট।
এখন পর্যন্ত নিলামে সবচেয়ে বেশি পয়েন্টে দল পেয়েছেন তানজিদ হাসান তামিম। ২ কোটি পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন।
ডি থ্রি ট্রফির প্রথম আসরে অংশ নিচ্ছে ছয়টি দল—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লুস্টার।
নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ২৮১ ক্রিকেটারের মধ্যে ২৭৫ জনকে নিয়ে নিলাম অনুষ্ঠিত হচ্ছে। বাকি ছয়জন আইকন ক্রিকেটার হিসেবে আগেই দল পেয়েছেন।
আইকন ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান খেলবেন ব্লুস্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে, মোসাদ্দেক হোসেন সৈকত অ্যাকমিতে, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেনস ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে এবং মেহেদী হাসান মিরাজ খেলবেন ওয়ালটনে।