প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোহাম্মদ আব্দুল মতিন সভাপতি এবং ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনটির ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
গতকাল ২৫ অক্টোবর, সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা ও উপস্থাপনা করেন আকিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি শায়েখ সাফফাত আনোয়ার। এ সময় ড. রতন কুণ্ডু পবিত্র গীতা এবং পল সি. মধু পবিত্র বাইবেল পাঠ করেন। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ড. রতন কুণ্ডু। সংগঠনের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ফয়সাল আহমেদ এবং আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ দিলারা জাহান। সভায় সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিন ফারুকি ও এএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এএইচএম মাসুম বিল্লাহ।
নবগঠিত কমিটিতে সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ছাড়াও পাঁচজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মদ রেজাউল হক ও আতাউর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়াউল কবির জিহন, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দিলারা জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহৃদ সোহান হক, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক আসিফ ইকবাল এবং সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মদ জসীম উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা এনায়েত রহিম বেলাল, কাউন্সিলর শিরীন আক্তার, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ, বিশিষ্ট আইনজীবী ড. মোহাম্মদ সিরাজুল হক, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল রতন খান, অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারপারসন ফয়েজ দেওয়ান, জন্মভূমি টিভির চেয়ারম্যান আবু রেজা আরেফিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ ও সাইফুল হাসান চৌধুরী এবং নিউ সাউথ ওয়েলসের ক্যান্টারবেরি–ব্যাংকসটাউন আসনে সংসদ নির্বাচনের প্রার্থী আইনজীবী উপল আমিনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।