প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৬ এএম
(ভিজিট : ৯৯)
দক্ষিণ কোরিয়ার উলসান শহরে এইচডি হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের (HD Hyundai Heavy Industries) প্রধান ফটকের সামনে অভিবাসী ও সাবকন্ট্রাক্ট শ্রমিকদের ওপর বৈষম্য এবং শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোরিয়ান ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (KCTU) উদ্যোগে আয়োজিত ‘তৃতীয় যৌথ অ্যাকশন সমাবেশে’ শ্রমিকদের জন্য সমান অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে বৈষম্য বন্ধের দাবি জানানো হয়।
সমাবেশে বিপুলসংখ্যক শ্রমিক ও অধিকারকর্মী অংশ নেন। এ সময় শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধায় বৈষম্য, মজুরি কর্তন, শ্রম আইনের যথাযথ প্রয়োগ এবং ট্রেড ইউনিয়ন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়।
সমাবেশ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—উৎসব ও ছুটির ভাতা এবং নিজ দেশে ফেরার ভাতায় সমতা নিশ্চিত করা, অবৈধভাবে মজুরি কর্তন বন্ধ করা ও ন্যায্য চুক্তি সম্পাদন, কর্মক্ষেত্রে শ্রম আইনের পূর্ণ প্রয়োগ, অবাধে কর্মস্থল পরিবর্তনের স্বাধীনতা নিশ্চিত করা এবং ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত শ্রমিকদের ওপর দমন-পীড়ন বন্ধ করা।
আয়োজকদের দাবি, প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রায় ৩৫ হাজার শ্রমিকের মধ্যে প্রায় ২৫ হাজারই অভিবাসী ও সাবকন্ট্রাক্ট শ্রমিক। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটি রেকর্ড মুনাফা করলেও সরাসরি নিয়োগপ্রাপ্ত E-7-3 ভিসাধারী অভিবাসী শ্রমিকদের কোনো বোনাস দেওয়া হয়নি। এ পরিস্থিতিকে শ্রমিকদের মধ্যে বৈষম্যের উদাহরণ হিসেবে তুলে ধরে তাঁরা সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে শ্রমিকদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও গুরুত্ব পায়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আগামী নভেম্বরের শেষে অনেক শ্রমিকের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ অবস্থায় ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকার কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ইউনিয়ন নেতারা।
বিক্ষোভকারীরা বলেন, অভিবাসী শ্রমিকেরা শুধু সস্তা শ্রমের উৎস নন; তাঁরা দক্ষিণ কোরিয়ার শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাঁদের জাতীয়তা, ভিসার ধরন কিংবা নিয়োগের ব্যবস্থার ভিত্তিতে বৈষম্যের শিকার করা উচিত নয়। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক হিসেবে সমান মর্যাদা নিশ্চিত করা জরুরি।
আয়োজকেরা জানান, অভিবাসী ও সাবকন্ট্রাক্ট শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূর না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।