মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন পালিত: প্রবাসীদের মিলনমেলা
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:২০ পিএম  (ভিজিট : ২৪)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর ২৮তম জন্মদিন। বর্ণাঢ্য এ আয়োজনে সাংবাদিকতা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। 

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন এবং উপস্থাপক ও সাংবাদিক মাইনুল ইসলাম। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক মাইনুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা।
পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পান বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদ। এ ছাড়া উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয় মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন খান মঈনকে।

আয়োজনে বক্তারা গণমাধ্যমের ভূমিকা, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসার এবং প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, প্রবাসে বাংলা গণমাধ্যমের কার্যক্রম বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির কণ্ঠে দ্বৈত সংগীত পরিবেশনা। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ, সংগীতশিল্পী, জনপ্রিয় অভিনেতা, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]