বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে সিউলে প্রতিমন্ত্রীর বৈঠক।
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২৩ পিএম  (ভিজিট : ২০)
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি এবং শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দেশটির দুটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (NESA) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়া (CAK)-এর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কোরীয় ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং নির্মাণ খাতে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

NESA-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (EPS) আওতায় বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত কর্মসংস্থানের বাইরে মৌসুমি কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো ক্ষেত্রগুলোতে যৌথ সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার শিল্পায়ন ও মানবসম্পদ উন্নয়নে অর্জিত সাফল্যের প্রশংসা করে বলেন, দেশটির শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত কর্মী গড়ে তুলতে বাংলাদেশ প্রস্তুত। এ জন্য দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

বৈঠকে NESA-এর প্রতিনিধিরা কোরীয় ভাষা শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশি কর্মীদের অবদান ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে কর্মীদের ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষতা অর্জন এবং কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এতে কর্মীরা দেশটির কর্মপরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবেন বলে আলোচনায় উঠে আসে।

পরে কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়া (CAK)-এর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি দেশটির নির্মাণপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী আন্তর্জাতিক নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের অভিজ্ঞতার কথা তুলে ধরে কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও নিরাপত্তাবিষয়ক প্রস্তুতি নিশ্চিত করা গেলে তাঁরা দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে আরও কার্যকরভাবে অবদান রাখতে পারবেন।

CAK এবং দক্ষিণ কোরিয়ার নির্মাণ খাতের প্রতিনিধিরা নির্মাণকাজে পেশাগত নিরাপত্তা, কার্যকর যোগাযোগ এবং সুনির্দিষ্ট কারিগরি জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষ ও নির্মাণকাজে প্রয়োজনীয় কারিগরি যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি কর্মীদের এ খাতে যুক্ত করার সম্ভাবনা নিয়েও তাঁরা আলোচনা করেন।

বৈঠক দুটিতে বাংলাদেশি কর্মীদের যথাযথ প্রাক্‌-বহির্গমন প্রস্তুতি নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র অনুসন্ধানে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট সংস্থা ও সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মধ্যে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের দক্ষতা বিকাশ, কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি এবং দুই দেশের শ্রমবাজারবিষয়ক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও উৎপাদনশীল কর্মপরিবেশ নিশ্চিত করার পথও আরও সুগম হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]