প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৫২ পিএম
(ভিজিট : ২৮)
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে দেশটির সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি।
২১ ও ২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি দেশটির মানবসম্পদ উন্নয়ন সংস্থা এইচআরডি কোরিয়ার (HRD Korea) সভাপতি লি বিয়ং-হুনের সঙ্গে বৈঠক করেন। এতে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানো, নিয়োগপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং অপেক্ষমাণ কর্মীদের নির্ধারিত কোটা অনুযায়ী কোরিয়ায় পাঠানোর বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া চংজু সিটি, উমসং কাউন্টি ও গাংহওয়া কাউন্টির মেয়রদের সঙ্গে বৈঠকে কৃষি খাতে মৌসুমি কর্মী নিয়োগ বাড়ানো এবং দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।
সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণ কোরিয়ার ব্যাটারি উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান চুনবো (Chunbo) পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৩২ জন বাংলাদেশি কর্মী কাজ করছেন। এ সময় তিনি কর্মরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধার খোঁজ নেন। চুনবো কর্তৃপক্ষ ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করে।
এ ছাড়া উমসংয়ে অবস্থিত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অটোগি করপোরেশনের (Ottogi Corporation) দেপুং প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি। সেখানে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট বৈঠক ও পরিদর্শনে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়া সহজীকরণ এবং দুই দেশের শ্রমবাজার ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।