শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


রিয়ালের কৌশলকে নাৎসিদের সঙ্গে তুলনা করায় লিগ প্রধানের পদত্যাগ দাবি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:১৮ পিএম  (ভিজিট : ১৩)
রেফারিদের হেয় প্রতিপন্ন করতে রিয়াল মাদ্রিদের প্রচেষ্টাকে জার্মান নাৎসির প্রচারণা কৌশলের সঙ্গে তুলনা করেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। স্প্যানিশ লিগ প্রধানের এমন একটি পোস্টকে ঘিরে তার পদত্যাগের দাবি তুলেছে মাদ্রিদ ক্লাবটি।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট দিয়ে মাদ্রিদের তীব্র সমালোচনা করেন তেবাস। রেফারিরা তাদের জেতার সুযোগ নষ্ট করে দেন, ক্লাবটির চ্যানেল এমন প্রচারণা চালানোর পর তিনি ওই পোস্ট দেন। 

চ্যানেলটি ম্যাচ কর্মকর্তাদের ভুল নিয়ে নিয়মিত কিছু রিলস প্রচার করছে, যারা ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের আসন্ন কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করবেন। তেবাস এই কৌশলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের কৌশলের সঙ্গে তুলনা করেছেন।

তেবাস লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদের নির্বাহী কর্তৃপক্ষের একদল মুখপাত্র রয়েছে এবং রিয়াল মাদ্রিদই এর নেতৃত্ব দেয়। এর চিত্রনাট্য সবসময় একই থাকে, নিজেদের অনুকূলে থাকা পদক্ষেপ বেছে নেওয়া, কথিত অপমানের পুনরাবৃত্তি করা, সন্দেহ বাড়ানো এবং শত্রুদের নাম প্রকাশ করা। এটি গোয়েবলসের ব্যবহৃত প্রচার কৌশলের কথা মনে করিয়ে দেয়। কৌশলগুলোর সঙ্গে তুলনা অবশ্যই আদর্শগত নয় কিংবা মাদ্রিদ ভক্তদের সঙ্গে নয়।’ 

মাদ্রিদ পরে এক বিবৃতিতে এর প্রতিক্রিয়া জানিয়ে বলে, তেবাস গত কয়েক বছর ধরে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তর্কে জড়িয়েছেন। তিনি স্পেনের শীর্ষ ক্লাবগুলোর প্রতিনিধিত্ব করার জন্য অনুপযুক্ত। এবার অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছে ক্লাবটি।

তারা বলেছে, ‘হাভিয়ের তেবাসের বারবার করা আচরণ তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের সঙ্গে বেমানান নিরপেক্ষতা, সম্মান ও পক্ষপাতহীনতার অভাবকেই তুলে ধরে। রিয়াল মাদ্রিদ এবং স্বচ্ছতা ও পুনর্গঠনের দাবিদারদের ওপর তার ক্রমাগত আক্রমণ, আমাদের ক্লাবের দৃষ্টিতে, স্প্যানিশ ফুটবলের জন্য এক সত্যিকারের অভিশাপ।’

এর আগে সেপ্টেম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর রেফারিদের সমালোচনা করায় মাদ্রিদের সমালোচনা করেছিলেন তেবাস। ওইবারও তার পদত্যাগের দাবি তোলে রিয়াল।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]