বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


৩৬ বছরেই মারা গেলেন জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:৫৯ পিএম  (ভিজিট : ১৮)
জিম্বাবুয়ের সাবেক পেসার ও আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার সারাহ ডাম্বানেভানা মারা গেছেন। সোমবার হারারেতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) এক বিবৃতিতে জানানো হয়েছে, গত মার্চে একটি চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সারাহ। সেখানেই তার মৃত্যু হয়।

খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছেন সারাহ। পরে আম্পায়ার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। দেশের ক্রিকেটে অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অর্জন করেন বিশেষ স্বীকৃতি।

২০২৩ সালের ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যায়ে সিনিয়র আম্পায়ার হিসেবে তার যাত্রা শুরু হয়। এরপর ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিকভাবে সব নারী আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের নিয়ে গঠিত প্যানেলের অংশ ছিলেন সারাহ।

এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ও ইংল্যান্ডের ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করা প্রথম জিম্বাবুইয়ান নারী হিসেবে ইতিহাস গড়েন সারাহ।

আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। সব মিলিয়ে ৬৩টি সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন সারাহ। এর মধ্যে ছিল ৪২টি নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক, ১১টি নারী ওয়ানডে আন্তর্জাতিক এবং ১০টি পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। এ ছাড়া ঘরোয়া ক্রিকেট ও বিভিন্ন আন্তর্জাতিক যুব টুর্নামেন্টেও আম্পায়ারিং করেছেন তিনি।

আম্পায়ার হিসেবে পরিচিতি পাওয়ার আগে খেলোয়াড় হিসেবেও জিম্বাবুয়ের ক্রিকেটে অবদান রেখেছেন সারাহ। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির হয়ে খেলেছেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেন সাবেক এই পেসার।

২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা পান সারাহ। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে তাঁর অগ্রযাত্রা আরও বিস্তৃত হয়।

সারাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি। তিনি বলেন, খেলোয়াড় এবং পরে আম্পায়ার হিসেবে সারাহ অসাধারণ নিষ্ঠার সঙ্গে জিম্বাবুয়ের সেবা করেছেন। তার দক্ষতা তাকে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছিল।

মুকুহলানি বলেন, বিশ্বকাপের ফাইনালে সারাহকে আম্পায়ারিং করতে দেখা জিম্বাবুয়ের ক্রিকেটাঙ্গন ও দেশের জন্য ছিল অত্যন্ত গর্বের মুহূর্ত। তিনি তরুণ জিম্বাবুইয়ান নারীদের দেখিয়েছেন, ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে তাদেরও জায়গা রয়েছে। বিশেষ করে যেসব দায়িত্বে নারীদের সুযোগ দীর্ঘদিন সীমিত ছিল, সেখানেও তাঁরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন।

জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান আরও বলেন, সারাহর অর্জন অন্যদের জন্য নতুন পথ খুলে দিয়েছে এবং নিজেদের স্বপ্ন পূরণে অনেককে আত্মবিশ্বাস জুগিয়েছে। তাঁর নিষ্ঠা, পেশাদারত্ব এবং অন্যদের এগিয়ে যেতে সহায়তা করার মানসিকতা স্মরণীয় হয়ে থাকবে।

সারাহর মৃত্যুতে জিম্বাবুয়ের ক্রিকেট পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয় বলে উল্লেখ করেন মুকুহলানি। তবে ক্রিকেটে সারাহ যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]