প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম
(ভিজিট : ১৭)
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলছে বাংলাদেশ। এরপরই শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আসন্ন সিরিজের জন্য দলের বাকি ক্রিকেটাররা আজ দেশ ছেড়েছেন। চমক হিসেবে এই সিরিজে রয়েছেন আলিস আল ইসলাম।
আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ ২১ অক্টোবর। ফাইনাল হবে ২৩ অক্টোবর।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমকে নুরুল হাসান সোহান বলেন,'আমার কাছে মনে হয় যে দল হিসেবে খেললে আমাদের ফাইনাল খেলা উচিত এবং চ্যাম্পিয়ন হওয়া উচিত। সামনেই এশিয়া কাপ এবং তার পরপরই বিশ্বকাপ, আমার কাছে মনে হয় একটা ভালো মঞ্চ, এখানে যদি আমরা ভালো করতে পারি ওই আত্মবিশ্বাসটা আসবে।'
'এশিয়া কাপ এবং পরপরই বিশ্বকাপ, যেহেতু বড় দুইটা টুর্নামেন্ট আছে, তার আগে এরকম ত্রিদেশীয় ধারাবাহিক প্রতিযোগিতার খেলার সুযোগ পাচ্ছি। যদি দল (টিম) হিসেবে বলি, অবশ্যই আমাদের এখানে ভালো করা উচিত এবং ফাইনাল জেতা উচিত।'