মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস
ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ পিএম  (ভিজিট : ১১)
শারজা ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চের শেষ হলো বাংলাদেশের হাসিতে। ব্যাট হাতে মাঝারি সংগ্রহ, এরপর বল হাতে দারুণ লড়াই—সব মিলিয়ে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ চ্যাম্পিয়নস।
 
বাংলাদেশ মাত্র ১৪১ রানের পুঁজি নিয়ে তারকায় ঠাসা ভারতকে ১৩৮ রানে আটকে দিয়েছে। বল হাতে জয়ের নায়ক এনামুল হক জুনিয়র ও আবু জায়েদ রাহি। এনামুলের ঘূর্ণিতে ভারতের ব্যাটিংয়ে ধস নামার পর শেষ ওভারে চাপ সামলে জয় নিশ্চিত করেন রাহি।

কাল রাতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক যুবরাজ সিং।

শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারেই দলীয় সংগ্রহ ৩০ ছুঁয়ে যায়। তবে তৃতীয় ওভারের প্রথম বলেই ৬ বলে ১০ রান করে ইমরুল কায়েসের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন রনি তালুকদার। ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বড় ইনিংস খেলতে না পারায় রান তোলার গতি কমে আসে।
নাসির হোসেন পরিস্থিতি কিছুটা সামাল দেন। ২১ বলে ২টি চারে ২৪ রান করে পীযূষ চাওলার বলে আউট হন তিনি। শেষ দিকে আরাফাত সানির ৩৮ বলে ৩৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান তোলে বাংলাদেশ।

ভারতের হয়ে পীযূষ চাওলা নেন ৩ উইকেট। পবন নেগি ও ঋষি ধাওয়ান পান ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত চ্যাম্পিয়নস। দলীয় ৪ রানেই আম্বাতি রাইডুর বিদায়ে শুরু হয় বিপর্যয়। ৩০ রান পেরোনোর আগেই স্টুয়ার্ট বিনি ও অধিনায়ক যুবরাজ সিং ফিরে গেলে আরো চাপে পড়ে দলটি। এরপর রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠানের বিদায়ে ৫৫ রানেই ৫ উইকেট হারায় ভারত।

এ অবস্থায় প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ঋষি ধাওয়ান ও ইরফান পাঠান। ঋষি ১৮ বলে ২৪ রান করে আউট হন। ইরফান পাঠান ওপেনিংয়ে নেমে ৪১ বলে করেন মাত্র ২৪ রান। 

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের ওপর রান তোলার চাপ বাড়তেই থাকে। ভারতীয় ব্যাটিং লাইন আপে সবচেয়ে বড় ধাক্কাটি দেন এনামুল হক জুনিয়র। তার ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে ভারত। গুরুত্বপূর্ণ সময়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের পথ তৈরি করেন এই বাঁহাতি স্পিনার।

শেষ দিকে পবন নেগি ও পীযূষ চাওলার ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ আবারো জমে ওঠে। মুহূর্তেই জয়ের আশা জাগে ভারতীয় শিবিরে। বাংলাদেশের জন্য ম্যাচটি তখন পরিণত হয় স্নায়ুর কঠিন পরীক্ষায়।

তবে শেষ ওভারে বল হাতে বাজিমাত করেন আবু জায়েদ রাহি। চাপের মুহূর্তে দুর্দান্ত বোলিং করে ভারতকে লক্ষ্যে পৌঁছাতে দেননি তিনি। শেষ পর্যন্ত ১৩৮ রান থামে ভারত।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ চ্যাম্পিয়নস : ২০ ওভারে ১৪১/৯ (রনি ৪০, আরাফাত ৩৭, নাসির ২৪; পীযূষ ৩/২৪, ঋষি ২/২১, নেগি ২/২২)।

ভারত চ্যাম্পিয়নস : ২০ ওভারে ১৩৮/৮ (নেগি ২৬*, চাওলা ২৪*, ঋষি ২৪, এনামুল ৪/১২, রাহি ২/২৬)।
ফল : বাংলাদেশ চ্যাম্পিয়নস ৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক জুনিয়র।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]