প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৫৮ পিএম
(ভিজিট : ১৩)
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন দাস। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেই এই কীর্তি গড়েন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার।
তার টানা দ্বিতীয় অর্ধশতকে ভর করে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিডও ছাড়িয়েছে ৪০০ রান।
ম্যাচটি খেলতে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের রান ছিল ৮ হাজার ৯২৯।
প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাইলফলক থেকে ১৮ রান দূরে ছিলেন তিনি। আগের দিন ৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নামেন লিটন।
দিনের শুরুতেই জিয়া উর রহমানের করা ৭৬তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন লিটন।
তার আগে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক তুলে নিয়েছেন লিটন। তার সঙ্গে ক্রিজে থাকা মেহেদী হাসান মিরাজকে নিয়ে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশের ইনিংস।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের ভিত গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে দিনের শেষ দিকে শান্ত ৮২ এবং মুশফিক ৮১ রানে আউট হলে সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তারা।
চতুর্থ দিন সকালে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩০৬ রান করেছে সফরকারীরা। তাতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৪১২ রানে।