প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:১৬ পিএম
(ভিজিট : ১৩)
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
আজ সোমবার (৬ অক্টোবর) সকালে তিনি ভাঙনকবলিত এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং নদী ভাঙনের কারণে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এসময় স্থানীয়রা তাদের বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কার কথা এমপির কাছে তুলে ধরেন।
পরে তিনি ট্রলারযোগে তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, নদীভাঙন রোধে আমি পূর্বেও কাজ করেছি। তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে মানুষের বসতভিটা ও সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
তিনি আরও বলেন, নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া হবে । নদী ভাঙনকবলিত এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা এস. ডি. আবদুল্লাহ শিবলী, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. নুরুল আলম, ধুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মুজিবুর রহমান, সেক্রেটারি মাওলানা আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।