হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, উন্নয়ন ও মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় স্টেকহোল্ডারদের সমন্বয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহি উদ্দিন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সহ-সভাপতি আব্বাস হোসেন আফতাব, উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফজলে এহসান শামীম, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম, মো. পারভেজ, সাহাব উদ্দিন হিরুসহ সুফলভোগী মৎস্যজীবীরা।
সেমিনারে বক্তারা বলেন, হালদা নদী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন ব্যবস্থা রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি স্থানীয় জনগণ ও মৎস্যজীবীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মৎস্যজীবীদের প্রতিনিধি গৌরপদ বলেন, সরকার ঘোষিত বন্ধের সময়ে কার্ডধারী প্রকৃত মৎস্যজীবীরা মাছ ধরতে না পারায় আর্থিক সংকটে পড়েন। তাই নিষেধাজ্ঞার সময়ে তাদের জন্য ভিজিএফ সহায়তা ও প্রণোদনার ব্যবস্থা করা জরুরি।
তিনি বলেন, “সরকার ঘোষিত বন্ধের সময়ে কার্ডধারী মৎস্যজীবীদের জন্য ভিজিএফ সহায়তা নিশ্চিত করা হলে তারা পরিবার-পরিজন নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারবেন। প্রকৃত মৎস্যজীবীদের তালিকা যাচাই করে এ সহায়তা দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন।”
সভায় অন্যান্য বক্তারা হালদা নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা, অবৈধভাবে মাছ শিকার বন্ধ, প্রজনন মৌসুমে সরকারি নির্দেশনা মেনে চলা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় স্থানীয় জনগণ ও মৎস্যজীবীদের আরও সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি নদী ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি উদ্যোগের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।