প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:৪৫ এএম
(ভিজিট : ১২)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র এবং ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও ৩-৪ জন সদস্য পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইসপাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকাগামী সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, রাতের টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৯-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় একটি সিএনজি নিয়ে অবস্থান করছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি তালা কাটার কাটার, দুটি রামদা, একটি ছুরি, একটি দা, একটি রড, একটি সেলাই রেঞ্জ ও একটি প্লাস উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে এর পেছনের অংশ থেকে আরও তিনটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল বারিক।