বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


আইপিএল দলের প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম  (ভিজিট : ১১)
ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে নির্দিষ্ট দলের ডাগআউটে আগেও দেখা গেছে ‘মহারাজা’খ্যাত সৌরভ গাঙ্গুলিকে। তবে এবার এক নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

২০২৭ সালের আইপিএল আসরকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এর আগের দুই মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের ভূমিকায় ছিলেন হেমাং বাদানি।

২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা (পরামর্শক) হিসেবে যুক্ত ছিলেন সৌরভ। পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতির মেয়াদ শেষে তিনি পুরুষ ও নারী উভয় ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এ প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন ভারতের সাবেক এই ওপেনার।

দিল্লির প্রধান কোচের দ্বায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সৌরভ বলেন, ‘আইপিএলে প্রধান কোচ হিসেবে এই নতুন দায়িত্ব নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি আমার হৃদয়ের খুব কাছের একটি দল এবং বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমার এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।’

সৌরভ আরো বলেন, ‘মালিক পক্ষ, ব্যবস্থাপনা পর্ষদ, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আমি এর আগেও খুব কাছ থেকে কাজ করেছি।

ফলে এই চ্যালেঞ্জটি আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর। আমাদের দলে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা চমৎকার ক্রিকেট উপহার দিয়েছি। আমি নতুন মৌসুম শুরুর জন্য মুখিয়ে আছি, লক্ষ্য থাকবে একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তোলা।’

আইপিএলের শুরু থেকে খেলে আসা পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস এখনো কোনো শিরোপার মুখ দেখেনি। দিল্লি ক্যাপিটালসকে তাদের বহুল প্রতিক্ষিত প্রথম আইপিএল ট্রফি এনে দেওয়ার মূল মিশন নিয়েই ডাগআউটে নামবেন গাঙ্গুলি।

এর আগে ২০২০ সালে ফাইনাল খেলে শিরোপার সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল দিল্লি। পরের বছর ২০২১ মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা। এর পর থেকে তারা আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। সর্বশেষ গত মৌসুমে অক্ষর প্যাটেলের নেতৃত্ব ও হেমাং বাদানির কোচিংয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থেকে মিশন শেষ করেছিল ক্যাপিটালসরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]